প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে বাংলাদেশের মুখ নাজিফা তুষি
সংবাদ দিগন্ত ||
আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আবারও সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী নাজিফা তুষি। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমায় অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবের ১২তম আসরে সেরা অভিনেত্রীর ‘স্নো লেপার্ড’ পুরস্কার জিতেছেন তিনি। এশিয়ার বৈচিত্র্যময় চলচ্চিত্রকে বিশ্বদরবারে এবং হলিউডের দর্শকদের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে এ উৎসব আয়োজন করা হয়। উৎসবটির অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা ‘স্নো লেপার্ড’। এর আগে ভুটানের ট্যান্ডিন বিদ্যা, লেবাননের ডায়মন্ড বু আবুদ এবং সিঙ্গাপুরের হুই ফাং হং এ স্বীকৃতি পেয়েছিলেন। ‘রইদ’ সিনেমার জন্য এটি নাজিফা তুষির দ্বিতীয় আন্তর্জাতিক সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২তম আসরেও একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর সম্মাননা পান তিনি। পুরস্কার অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে তুষি জানান, পুরস্কারের আশায় তিনি অভিনয় করেন না; তাঁর কাছে কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। চরিত্র যথাযথভাবে পর্দায় তুলে ধরাই তাঁর লক্ষ্য।আরও পড়ুন,মুম্বাইকে গ্যাংস্টারমুক্ত করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সিনে সংগঠন কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়ে ভালো লাগছে জানিয়ে তিনি বলেন, এ অর্জন অভিনেত্রী হিসেবে তাঁর দায়বদ্ধতা আরও বাড়িয়েছে। ‘রইদ’ সিনেমাটিও আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য স্বীকৃতি পাচ্ছে। প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ৫৫তম রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার প্রতিযোগিতা’য় জায়গা করে নিয়েছে ছবিটি। এ ছাড়া সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। পাশাপাশি ডানাং এশীয় চলচ্চিত্র উৎসব এবং অস্ট্রিয়ার ইনসব্রুক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও নির্বাচিত হয়েছে। ‘রইদ’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত