প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
সালাহউদ্দিনের রাজনৈতিক কৌশলে চাপে আওয়ামী লীগ: শফিকুল আলম
সংবাদ দিগন্ত ||
আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ না নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের রাজনৈতিক কৌশল ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও দ্য ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম। তাঁর দাবি, আওয়ামী লীগ সহিংসতার পথে এগিয়ে গিয়ে নিজেরাই সেই কৌশলের ফাঁদে পা দিয়েছে। এতে দলটি রাজনৈতিকভাবে আরও চাপে পড়েছে। রোববার ২২ নভেম্বর নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন শফিকুল আলম। তিনি লিখেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহিংস কর্মকাণ্ডকে অনেকে সরকারের দুর্বলতা কিংবা দলটির রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা হিসেবে দেখলেও বাস্তবে এটি ছিল একটি রাজনৈতিক কৌশল। স্ট্যাটাসে তিনি বিএনপির সংসদ সদস্যদের বাড়ি ও বিভিন্ন স্থাপনায় হামলা-অগ্নিসংযোগ, থানায় আগুন দেওয়া, বাসে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ও ককটেল হামলার প্রসঙ্গ তুলে ধরেন। এমনকি দাড়ি রাখা ও টুপি পরা বাসযাত্রীদের থামিয়ে তাঁদের রাজনৈতিক পরিচয় যাচাইয়ের ঘটনাও উল্লেখ করেন তিনি। গোপালগঞ্জের সহিংসতায় পাঁচজনের মৃত্যুর কথা উল্লেখ করে শফিকুল আলমের দাবি, এসব কর্মকাণ্ড আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করেছে। তাঁর ভাষ্য, সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চলের বাইরে উল্লেখযোগ্যভাবে ছড়িয়ে পড়েনি। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর সালাহউদ্দিন আহমেদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। আরও পড়ুন,আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিবৃতিতবে নিরাপত্তা বাহিনীর বড় অভিযান শুরুর আগেই আওয়ামী লীগের তরুণ কর্মীরা অন্য জেলাগুলোতে পালিয়ে যান বলে দাবি করেন তিনি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরোধী দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগকেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখছেন শফিকুল আলম। তাঁর মতে, জামায়াতের আমিরের উদ্যোগকে স্বাগত জানানো এবং পরবর্তী সময়ে জামায়াত ও মিত্রদের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা সংসদে থাকা দলগুলোর মধ্যে রাজনৈতিক সমন্বয়ের প্রচেষ্টা। আওয়ামী লীগের সামনে এখন সহিংসতা বাড়ানো অথবা রাজনৈতিকভাবে গুরুত্ব হারানোর পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মনে করেন তিনি। তবে সহিংসতা বাড়লে দলটি সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হবে বলে মন্তব্য করেন শফিকুল আলম। শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন তিনি। তাঁর মতে, জাতীয় রাজনীতিতে অবস্থান পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে এর মধ্যেই পথ খুঁজে বের করতে হবে। এ ছাড়া ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে কি না, ভবিষ্যতে তাঁর ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে ভারতের অবস্থান কী হবে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক কোন দিকে যাবে এসব বিষয়েও সম্ভাব্য পরিস্থিতি তুলে ধরেছেন তিনি।তবে শফিকুল আলমের এসব বক্তব্য তাঁর ব্যক্তিগত রাজনৈতিক বিশ্লেষণ ও মতামত হিসেবে উঠে এসেছে ফেসবুক স্ট্যাটাসে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত