প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিবৃতি
সংবাদ দিগন্ত ||
পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ভুক্তভোগী শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি। শনিবার ২১ নভেম্বর বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ দাবি জানান। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, পিলখানা, শাপলা চত্বর, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের বিচার ও ন্যায়বিচারের দাবি উপেক্ষা করে বিভিন্ন টকশো ও অন্যান্য প্ল্যাটফর্মে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, তাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে বলে দাবি করেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও দলটি নিজেদের অবস্থান পরিবর্তন করেনি বলে অভিযোগ করেন হেফাজত নেতারা। তাদের মতে, নির্যাতনের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আরও পড়ুন,নাশকতার আশঙ্কায় কারাগারগুলোতে নজরদারি বাড়লআওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন তোলে সংগঠনটি। বিবৃতিতে দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গুম-খুনসহ পিলখানা, শাপলা চত্বর ও জুলাইয়ের মতো গুরুতর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। এসব ঘটনার পর দলটির রাজনৈতিক বৈধতা থাকতে পারে না বলে মনে করে হেফাজত। এ অবস্থায় ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা এবং বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে আরেকটি গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেন নেতারা। বিবৃতির শেষাংশে শেখ হাসিনার প্রসঙ্গ টেনে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার পর তৃতীয় কোনো রাষ্ট্র তাকে আশ্রয় দিতে রাজি হয়নি বলে দাবি করেন হেফাজত নেতারা। এ ছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য ইকোনমিস্টে শেখ হাসিনা ও তার শাসনকাল নিয়ে প্রকাশিত সমালোচনামূলক মূল্যায়নের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত