প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশ পুলিশের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে নতুন করে ১৪ হাজার পদ সৃজনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুমোদিত পদের মধ্যে ১০ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদ রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রয়োজনীয় সম্মতির পর গত ১৫ নভেম্বর এ বিষয়ে পৃথক দুটি সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখার আদেশ অনুযায়ী, নতুন পদগুলো রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন করা হয়েছে। এর মধ্যে ৪ হাজার এসআই পদ জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে এবং ১০ হাজার কনস্টেবল পদ ১৭তম গ্রেডে অন্তর্ভুক্ত। এসআই পদের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা এবং কনস্টেবল পদের বেতন স্কেল ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। কনস্টেবল পদে আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং শারীরিকভাবে সক্ষম হওয়ার শর্ত নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে এসআই পদে নিয়োগের ক্ষেত্রে পুলিশ রেগুলেশনস অব বেঙ্গল অ্যাক্ট, ১৯৪৩ অনুসরণ করা হবে।আরও পড়ুন, সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎইতিমধ্যে কনস্টেবল নিয়োগের একটি কার্যক্রম চলমান রয়েছে। গত ৯ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয় ৩০ অক্টোবর। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়োগে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। চলমান নিয়োগ কার্যক্রমে আগে থেকে শূন্য থাকা ২ হাজার পদের পাশাপাশি নতুন অনুমোদিত পদের মধ্য থেকে আরও ৪ হাজার পদ যুক্ত করে মোট ৬ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৬ হাজার পদ পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের সম্ভাবনা রয়েছে। এদিকে নতুন সৃজিত ৪ হাজার এসআই পদে সরাসরি নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার সময়সূচি এখনো প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্টদের মতে, নতুন পদগুলোতে নিয়োগ সম্পন্ন হলে পুলিশের জনবল সংকট মোকাবিলা, অপরাধ প্রতিরোধ, তদন্ত কার্যক্রম এবং মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় সক্ষমতা বাড়বে। পাশাপাশি জনগণকে পুলিশি সেবা দেওয়ার কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত