প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবি এলাকাবাসীর
আবদুস সালাম খান ||
রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীর খননকাজ অপরিকল্পিতভাবে পরিচালনার আশঙ্কায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। নদী খননে ব্যক্তিমালিকানাধীন জমি ব্যবহার না করে সরকারি খাসজমির মধ্য দিয়ে খননকাজ পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা। শুক্রবার সকালে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সিটমহল এলাকায় ঘাঘট নদীর পাড়ে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, প্রস্তাবিত খননকাজের কারণে গঙ্গাচড়া-বেতগাড়ী প্রধান সড়ক, পাশের কবরস্থান, জামে মসজিদ, হাফিজিয়া মাদ্রাসা, ঈদগাহ মাঠ, দরবার শরিফ, বসতভিটা ও আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অপরিকল্পিতভাবে খনন করা হলে এসব গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানীয় বাসিন্দাদের বসতভিটা হুমকির মুখে পড়তে পারে।আরও পড়ুন, আওয়ামী লীগকে কেমোথেরাপি দিয়েও বাঁচানো যাবে না: রাশেদ খাঁনবক্তারা আরও বলেন, নদী খননের বিরোধিতা করছেন না তাঁরা। তবে ব্যক্তিমালিকানাধীন জমি বাদ দিয়ে সরকারি খাসজমির মধ্য দিয়ে পরিকল্পিতভাবে খননকাজ করতে হবে। এতে একদিকে নদী খননের উদ্দেশ্য বাস্তবায়িত হবে, অন্যদিকে স্থানীয় মানুষের জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করা সম্ভব হবে। মানববন্ধনে বক্তব্য দেন বেতগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম, গোলাম রাব্বানী, রুহুল আমীন নাদিম ও মোকলেছার রহমান। এ সময় উত্তর সিটমহল এলাকার স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে এলাকার সড়ক, ধর্মীয় ও সামাজিক স্থাপনা, বসতভিটা এবং ফসলি জমি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত