প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ে সমন্বয় বাড়ানোর পরামর্শ আইএইএর
সংবাদ দিগন্ত ||
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতির প্রশংসা করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ। সংস্থাটির ১০ দিনব্যাপী পর্যালোচনা মিশনের প্রতিবেদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এ পর্যালোচনা কার্যক্রম পরিচালিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে আইএইএ জানায়, রূপপুর কেন্দ্রের অভ্যন্তরীণ বা অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি কিংবা সংশোধনের সুপারিশ করা হয়নি। তবে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও জোরদারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। আইএইএর বিশেষজ্ঞ দল বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার দীর্ঘদিনের অভিজ্ঞতাভিত্তিক ব্যবস্থাকেও ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে। পাশাপাশি রূপপুর কেন্দ্রের বিশেষায়িত চিকিৎসাসেবা, মনস্তাত্ত্বিক সহায়তা এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরের প্রশংসা করেছে। শনিবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, কেন্দ্রের নিজস্ব জরুরি ব্যবস্থাপনা এবং জাতীয় পর্যায়ের জরুরি ব্যবস্থাপনা দুটি আলাদা বিষয়। আরও পড়ুন,নড়াইলে হামলার ভিডিও নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বানরূপপুরের নিজস্ব সক্ষমতাকে শক্তিশালী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয় আরও কার্যকর করার পরামর্শ দিয়েছে আইএইএ। তিনি বলেন, এই সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না। বরং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব বণ্টন, সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা আরও শক্তিশালী করাই এর মূল উদ্দেশ্য। পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার জানান, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার প্রশংসনীয়। অন্যদিকে বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, রূপপুরের কার্যক্রম শুরুর আগে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। সংশ্লিষ্টরা বলছেন, কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে আইএইএর মূল্যায়ন রূপপুরের জরুরি প্রস্তুতির ক্ষেত্রে ইতিবাচক স্বীকৃতি। পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত