প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
বেশি সন্তান নেওয়ার আহ্বান, সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
সংবাদ দিগন্ত ||
বিয়ে করে বেশি সন্তান নেওয়া, তাদের গির্জাভিত্তিক পরিবেশে বড় করা এবং আমেরিকার প্রতি ভালোবাসা শেখানোর আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের সাবেক প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তাঁর মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেভিট লেখেন, ‘বিয়ে করুন, আরও বেশি সন্তান নিন, তাদের গির্জায় বড় করুন এবং আমেরিকাকে ভালোবাসতে শেখান।’ পোস্টের সঙ্গে যুক্ত ছিল মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি শিরোনামের স্ক্রিনশট। সেখানে একটি গবেষণার বরাত দিয়ে বলা হয়, ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা খ্রিষ্টানদের ছাড়িয়ে যেতে পারে।আরও পড়ুন,ইরানের সঙ্গে চুক্তি নিয়ে কী বললেন ট্রাম্প লেভিটের বার্তায় বিয়ে, পরিবার, ধর্মীয় মূল্যবোধ ও দেশপ্রেমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে তাঁর এই আহ্বান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ পরিবার ও ধর্মীয় মূল্যবোধের প্রতি গুরুত্ব দেওয়াকে সমর্থন করেছেন। অন্যদিকে সমালোচকেরা প্রশ্ন তুলেছেন, জনপরিচিত ব্যক্তিদের এভাবে নির্দিষ্ট জীবনধারা ও ধর্মীয় বিশ্বাস অনুসরণের আহ্বান জানানো কতটা যুক্তিসংগত। অনেক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিশুর পরিচর্যার খরচ এবং তরুণ পরিবারগুলোর আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরেছেন। তাঁদের মতে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবারের পক্ষেই বেশি সন্তান নেওয়া কঠিন। কেউ কেউ আবার বলেছেন, সন্তান বড় হওয়ার পর তার নিজের ধর্মীয় বিশ্বাস বেছে নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। লেভিটের পোস্টের জবাবে এক ব্যবহারকারী মন্তব্য করেন, বিষয়টিকে খ্রিষ্টান ও মুসলিমদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার প্রতিযোগিতা হিসেবে দেখা উচিত নয়।আরও পড়ুন, রাসায়নিক অস্ত্র নিয়ে মার্কিন প্রতিবেদন, ইরানের কড়া প্রতিক্রিয়া তাঁর মতে, পশ্চিমা দেশগুলোর সংস্কৃতি ধরে রাখতে অভিবাসন সীমিত করার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। অন্য এক ব্যবহারকারী মাতৃত্বকালীন ছুটি, শিশুদের দিবাযত্ন কেন্দ্র, ন্যায্য মজুরি ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবার প্রসঙ্গ তুলে বলেন, এসব সুবিধার বিরোধিতা করেও বেশি সন্তান নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আরেক ব্যবহারকারী সরাসরি লেভিটকে উদ্দেশ করে লেখেন, ‘ক্যারোলিন, আমাদের আর সন্তান নেওয়ার সামর্থ্য নেই।’ লেভিটের এই পোস্টের পর পরিবার, ধর্মীয় স্বাধীনতা, অভিবাসন ও যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার ব্যয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত