প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
সামাজিক লজ্জাকে পুঁজি করে ডেটিং অ্যাপভিত্তিক প্রতারণা
সংবাদ দিগন্ত ||
ডেটিং অ্যাপে পরিচয়ের পর দেখা করতে গিয়ে প্রতারণার ফাঁদে পড়ে চার দিন জিম্মি ছিলেন এক ফ্রিল্যান্সার। এ সময় তাঁর কাছ থেকে কয়েক ধাপে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ১৩ নভেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের অভিযানে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর নাম তৌহিদ হোসেন (ছদ্মনাম)। তিনি মাসে দেড় থেকে দুই লাখ টাকা আয় করেন। ডিবি সূত্র জানায়, ৮ নভেম্বর একটি ডেটিং অ্যাপে রকি নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরদিন সকাল সাড়ে ১০টায় দেখা করার কথা বলে তাঁকে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে ডেকে নেওয়া হয়। সেখান থেকে কাছের একটি বাসায় যাওয়ার পর রকি, রনি, আসিফসহ কয়েকজন তাঁকে আটকে ফেলেন। বাসাটিতে আগে থেকেই আরও পাঁচ থেকে ছয়জন ছিলেন। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আটকে রেখে তাঁকে মারধর করা হয়। পরে তাঁর মুঠোফোন পরীক্ষা করে বিকাশ, নগদ ও ব্যাংকিং অ্যাপে থাকা অর্থের তথ্য নেয় চক্রের সদস্যরা। বিভিন্ন ব্যাংক হিসাবে থাকা টাকা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টে স্থানান্তর করে ছোট ছোট অঙ্কে ক্যাশআউট করা হয়। একপর্যায়ে তাঁর স্ত্রীর কাছেও মুক্তিপণ দাবি করা হয়।আরও পড়ুন, গুলশান-বনানীতে স্পা সেন্টারের আড়ালে কী চলছে স্ত্রী বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডিবি তাঁকে উদ্ধার করে। হাতিয়ে নেওয়া অর্থের মধ্যে ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় মো. আসিফ (২৭), মো. আলী (২১) ও রনক হোসেনকে (১৮) গ্রেপ্তার করা হয়েছে। তবে চক্রের কথিত হোতা রকি ও রনি পালিয়ে রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। ডিবির প্রাথমিক তদন্তে এ চক্রের বিরুদ্ধে একই কৌশলে আরও চারটি ঘটনা ঘটানোর তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় মোট প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার তথ্য মিলেছে বলে জানিয়েছে পুলিশ। ডিবি মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খাঁন বলেন, ডেটিং অ্যাপের ব্যবহার বাড়ার সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। সামাজিক লজ্জার কারণে অনেকে প্রতারণার শিকার হয়েও ঘটনা প্রকাশ করতে চান না। এ সুযোগে চক্রটি সক্রিয় রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও মুঠোফোন পরীক্ষা করে আগের ঘটনাগুলোর তথ্য জানার চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত