প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ আ’লীগের কর্মসূচি ঘিরে সহিংসতার অভিযোগ
সংবাদ দিগন্ত ||
ডিসেম্বরকে সামনে রেখে দেশজুড়ে সহিংসতা ও নাশকতার আশঙ্কা বাড়ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে থানা, পুলিশ বক্স, সরকারি স্থাপনা, যানবাহন এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার অভিযোগ উঠেছে। রাজধানীসহ বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারা দেশে ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগ এবং ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এ সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং ১৮টি পুলিশি যানবাহনে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় ৩৮টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে। রাজধানীতে গত ৬ নভেম্বর থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা শুরু হয়। ৮ নভেম্বর রাতে পাঁচটি থানাসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ ১৫টি স্থানে বিস্ফোরণ ঘটে। আরও পড়ুন, সীমান্তের শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমরান সালেহরপরবর্তী সময়ে বাসে আগুন, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। রাজধানীর বাইরেও গোপালগঞ্জ, টাঙ্গাইল, দিনাজপুর, নড়াইল, কক্সবাজার ও নাটোরসহ বিভিন্ন জেলায় সহিংসতার খবর পাওয়া গেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফরিদপুরের ভাঙ্গা ও নড়াইলের কালিয়ায় সংঘর্ষে রাজনৈতিক দলের তিন নেতা নিহত হয়েছেন। গোয়েন্দা সংস্থাগুলো নাশকতার অর্থদাতা ও ককটেল তৈরির কারিগরদের শনাক্তে কাজ করছে। ডিবি প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের কেউ কেউ অর্থের বিনিময়ে এসব কর্মকাণ্ডে জড়িয়েছেন। কয়েকজন অর্থদাতাকে শনাক্তও করা হয়েছে। তবে অর্থায়ন ও ককটেল তৈরির পুরো নেটওয়ার্ক এখনো শনাক্ত হয়নি। নিরাপত্তা জোরদারে রাজধানীতে চেকপোস্টের সংখ্যা ১৭৭ করা হয়েছে।আরও পড়ুন, বিএনপি-আওয়ামী লীগসহ সব দলের সংলাপ চান চরমোনাই পীর ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুরে ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তা বিশ্লেষকেরা পুলিশের কার্যকর ভূমিকা ও সরকারের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের আশঙ্কা, ডিসেম্বর ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়লে নাশকতার ঝুঁকিও বাড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপ, পরিকল্পনাকারী ও অর্থদাতাদের শনাক্ত এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত