প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী
সংবাদ দিগন্ত ||
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী বিলকিস আক্তার ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যান ড. খন্দকার মোশাররফ হোসেন। ১৫ নভেম্বর দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দরে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়।আরও পড়ুন,হাসিনার নতুন পাসপোর্টের আবেদনে স্বাক্ষর নিয়ে বিতর্কসেখানে পুনরায় ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা শেষে অবশেষে দেশে ফিরেছেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালে একই হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া বিভিন্ন সময়ে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। চারদলীয় জোট সরকারের আমলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী থাকাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত