প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
নৈতিক ও মানবিক প্রজন্ম গড়ার আহ্বান রাষ্ট্রপতির
সংবাদ দিগন্ত ||
মানুষ হত্যা, অগ্নিসন্ত্রাস ও কলকারখানা বন্ধের মতো আত্মঘাতী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, স্বাধীনতার ৫৭ বছর পেরিয়ে গেলেও দেশের মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়নি। এসব সমস্যার সমাধান ছাড়া জাতির সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। শুক্রবার ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি। দেশের চলমান অস্থিরতা ও সহিংসতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পরও নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া, অগ্নিসন্ত্রাস এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটছে। এ পরিস্থিতি থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না। ঢাকা কলেজের ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রতিষ্ঠানটি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশেরও অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। তবে বর্তমানে কলেজের আবাসন, হোস্টেল, লাইব্রেরি, গবেষণাগার ও কম্পিউটার সুবিধার সংকট রয়েছে। আরও পড়ুন,নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কার্যকর তদারকির দাবিএসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। দেশের শিক্ষাব্যবস্থা আমূল পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী স্নাতক শেষ করলেও পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি হচ্ছে না। শিক্ষাব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের অর্থনীতি এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগে। চতুর্থ শিল্পবিপ্লব ও কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে তাল মেলাতে শিক্ষায় তথ্যপ্রযুক্তি ও এআইয়ের ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, শিক্ষিত, নৈতিক ও মানবিক প্রজন্মই একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারে। ঢাকা কলেজের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত