প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
ওয়ানডে সিরিজে নাহিদ রানার ফেরার পথে বাধা নেই
সংবাদ দিগন্ত ||
দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে খেলার জন্য অস্ট্রেলিয়ার চিকিৎসকদের কাছ থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। ল্যাব্রাম টিয়ারের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে ছিটকে যান রানা। অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, রানা এখন পুরো গতিতে বোলিং করছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিসিবিকে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। অস্ট্রেলিয়ার চিকিৎসকদের প্রতিবেদনের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার ছাড়পত্র পেয়েছেন বলে বিসিবির একটি সূত্র জানিয়েছে। চলতি বছর একের পর এক চোটে মাঠের বাইরে থাকতে হয়েছে এই পেসারকে। জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে গ্রেড টু সাইড স্ট্রেইনে আক্রান্ত হন তিনি। আরও পড়ুন, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল স্পেনের মাটিতে হবে: লৌজানএ কারণে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারেননি। পুনর্বাসনের সময় গ্লুটে নতুন চোট পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজেও অংশ নিতে পারেননি। এরপর ল্যাব্রাম টিয়ারের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান রানা। এর আগে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন, রানাকে তাড়াহুড়া করে মাঠে ফেরানোর পরিকল্পনা নেই। বিসিবির মেডিকেল দল ২৪ নভেম্বর পর্যন্ত তাঁর শারীরিক অগ্রগতি পর্যবেক্ষণের পরিকল্পনা করেছে। এরপর দলের ব্যবস্থাপনা তাঁর খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত