প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
গাজীপুরে নাশকতার অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৮০
মোঃ ফরিদ হোসেন ||
গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতার পরিকল্পনা প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গত ৮ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাসন থানার চান্দনা চৌরাস্তায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ, পিপিএম। কমিশনার বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে ৮ নভেম্বর থেকেই পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।আরও পড়ুন, জননিরাপত্তায় মাঠে প্রশাসন-যৌথ বাহিনী, সাতক্ষীরায় দিনব্যাপী টহল ও নজরদারি শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে কোনো মহল যাতে সহিংসতা সৃষ্টি করতে না পারে, সে জন্য গোয়েন্দা নজরদারি, টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিকল্পনাকারী, হুকুমদাতা ও অর্থের জোগানদাতাদের শনাক্তে অভিযান চলছে। তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) রাতে বাসন থানার ভোগড়া এলাকায় চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে পানির বোতলে রাখা প্রায় এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ সময় মো. নাহিদ সরকার (৩৩) ও মো. আপন (১৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, নাহিদ সরকার মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। পেট্রোলসহ প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে যানবাহনে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে নাশকতার পরিকল্পনার কথা জানিয়েছেন।আরও পড়ুন, সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তদের আগুন এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। জিএমপি কমিশনার আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে শিল্পাঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া এবং অপরাধমূলক কর্মকাণ্ডকে এক করে দেখার সুযোগ নেই। শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনের প্রতি সম্মান রেখেই পুলিশ জননিরাপত্তা রক্ষায় কাজ করছে। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বৃহস্পতিবার আরও ৩০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত