প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, কার্যকর তদারকির দাবি
সংবাদ দিগন্ত ||
শীতের আমেজ শুরু হলেও রাজধানীর বাজারে স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের দামে। চালের পাশাপাশি কয়েক ধরনের শীতকালীন সবজির দাম বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের সংসার চালাতে বাড়তি চাপ তৈরি হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর খিলক্ষেত, আগারগাঁও, মহাখালী ও কারওয়ান বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।ব্যবসায়ীরা বলছেন, পুরোনো নাজিরশাইল চালের মজুত কমে যাওয়ায় মিল পর্যায়ে দাম বেড়েছে। গত ১৫ থেকে ২০ দিনে এ চালের কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। মিনিকেট চালের দামও দুই সপ্তাহে কেজিতে প্রায় ২ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় দাঁড়িয়েছে। মাঝারি মানের পায়জাম ও ব্রি-২৮-২৯ চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬২ টাকায়। তবে মোটা চালের দাম ৫০ থেকে ৫৪ টাকার মধ্যে রয়েছে। ব্যবসায়ীদের আশা, নভেম্বরের শেষ দিকে আমন ধান বাজারে আসতে শুরু করলে চালের দাম কমতে পারে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সরকারি গুদামে চালের মজুত ১৭ লাখ টনের বেশি। গমসহ মোট খাদ্যশস্যের মজুত প্রায় ২০ লাখ ৫১ হাজার ২৪৯ টন। আরও পড়ুন, টিকিট কালোবাজারি রোধে নীতি আছে, বাস্তবায়ন নেইসবজির বাজারেও বেড়েছে কয়েকটি পণ্যের দাম। বর্তমানে ফুলকপি প্রতিটি ৩৫ থেকে ৪৫ টাকা, শিম কেজি ৭০ থেকে ৮০ টাকা এবং বেগুন ৭০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। পটোল ও ঢ্যাঁড়শের দাম বেড়ে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা হয়েছে। নতুন আলু বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও বিভিন্ন এলাকার রাজনৈতিক অস্থিরতায় পরিবহণ কমে যাওয়ায় ঢাকায় সবজির সরবরাহ কমেছে। তবে ডিম ও মুরগির দামে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা, ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এসএম নাজের হোসাইন বলেন, বর্তমান পরিস্থিতিতে চালের দাম বাড়ার যৌক্তিক কারণ নেই। তার অভিযোগ, করপোরেট প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণে বাজার চলে যাওয়ায় ব্যবসায়ীরা নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন। বাজার নিয়ন্ত্রণে কার্যকর সরকারি পদক্ষেপের ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি। বাজার বিশ্লেষকদের মতে, পাইকারি ও খুচরা দামের ব্যবধান নিয়মিত পর্যবেক্ষণ, মিলগেটের মূল্য প্রকাশ এবং অযৌক্তিক মুনাফা ঠেকাতে বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত