প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
টিকিট কালোবাজারি রোধে নীতি আছে, বাস্তবায়ন নেই
সংবাদ দিগন্ত ||
অনলাইনে শতভাগ টিকিট বিক্রি, এনআইডি ও ওটিপি যাচাই বাধ্যতামূলক তারপরও থামছে না রেলের টিকিট কালোবাজারি। কাগজে-কলমে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতি থাকলেও বাস্তবে একজনের নামে কেনা টিকিটে অন্যজন ভ্রমণ করছেন। সংশ্লিষ্টদের মতে, যাত্রীর পরিচয় যাচাই নিশ্চিত করা গেলে টিকিটের কালোবাজারি অনেকটাই বন্ধ করা সম্ভব। রেলওয়েতে জনবল ও প্রযুক্তির ঘাটতি এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে টিটিই (ট্রাভেলিং টিকিট এক্সামিনার) সংকট ৬৭ শতাংশ। টিকিট যাচাইয়ের পস (পয়েন্ট অব সেল) মেশিনও পর্যাপ্ত নয়। দেশের ৫২৬টি রেলস্টেশনের মধ্যে ২১৬টিতে আন্তঃনগর ট্রেন থামলেও কোনো স্টেশনেই প্রবেশ ও বহির্গমন পথে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। রেলওয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন ৩৩৭টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ১১৬টি আন্তঃনগর ট্রেনে আসন বা টিকিট রয়েছে প্রায় ৬৩ হাজার। এসব টিকিটই অনলাইনে বিক্রি করা হয়। বিপরীতে রেলে নিবন্ধিত যাত্রীর সংখ্যা প্রায় ৮৫ লাখ। নিয়ম অনুযায়ী, একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন। টিকিট বিক্রির বেসরকারি অংশীদার সহজের তথ্য অনুযায়ী, প্রায় ৯০ শতাংশ ব্যবহারকারী একসঙ্গে তিন থেকে চারটি টিকিট কেনেন। টিকিট কিনতে এনআইডি বা পাসপোর্ট দিয়ে নিবন্ধন এবং মোবাইলে পাঠানো ওটিপি যাচাই বাধ্যতামূলক। যাত্রার ১০ দিন আগে টিকিট ছাড়া হয়। সহযাত্রীদের নাম ও পরিচয়সংক্রান্ত তথ্যও টিকিটে উল্লেখ থাকে।আরও পড়ুন, বৃষ্টির প্রভাবে সবজির বাজারে মন্দা, বিপাকে পাইকাররা এরপরও স্টেশন ও আশপাশের দোকানপাটে এবং অনলাইনে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ রয়েছে। বট ব্যবহার করে টিকিট আটকে রাখার অভিযোগে প্রায় ১২ হাজার সন্দেহভাজন নিবন্ধন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মো. নাজমুল হোসেন বলেন, ৬৩ থেকে ৬৪ হাজার টিকিটের বিপরীতে প্রায় ৮৫ লাখ মানুষ প্রতিযোগিতা করেন। সীমিত আসনের কারণে চাহিদার সামান্য অংশই পূরণ করা সম্ভব হয়। তাঁর দাবি, টিকিট বিক্রির প্রক্রিয়ায় রেল বা বেসরকারি অংশীদারের অনিয়মের সুযোগ নেই। তবে টিকিট কিনে অন্যের কাছে বেশি দামে বিক্রি এবং বটচক্রের মাধ্যমে টিকিট আটকে রাখার অভিযোগ রয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর মতে, নীতিটি শতভাগ কার্যকর করা গেলে কালোবাজারি বন্ধ করা সম্ভব। বুয়েটের অধ্যাপক ড. এম সামছুল হকও পরিচয় যাচাই নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। তাঁর মতে, রেলের সেবা ও পরিচালনার একটি বড় অংশ দক্ষ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। সংশ্লিষ্টদের মতে, স্টেশনে প্রবেশপথ ও ট্রেনের ভেতরে টিকিট যাচাই নিশ্চিত না হলে শুধু অনলাইন বিক্রি ও নিবন্ধন পদ্ধতি দিয়ে কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত