প্রিন্ট এর তারিখ : ২১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬
মহিমা জান্নাত (শিক্ষার্থী চট্টগ্রাম কলেজ): ||
নিন্দা আর প্রশংসা পৃথিবীর চিরন্তন বিষয়। মানুষকে চিনতে হলে তার কথা নয়, তার চরিত্র দেখতে হয়। আরবি সাহিত্যের বিখ্যাত গ্রন্থ ‘মুয়াল্লাকাত’ তথা সাতটি ঝুলন্ত কবিতা লিখেছিলেন আরবের সেরা কবিরা। তাঁদের মধ্যে ছিলেন ইমরাউল কায়েস, নাবিগা জুবইয়ানি, জুহাইর বিন আবি সুলমা এবং লাবিদ বিন রাবিয়ার মতো কবিরা। সেই যুগে সাহিত্য চর্চা ছিল চরম উন্নত। কবিতার ভাষা, ছন্দ, উপমা দিয়ে তাঁরা মানুষকে মুগ্ধ করতেন। জ্ঞান চর্চায় তাঁরা অনেক এগিয়ে ছিলেন। কিন্তু তারপরও সেই সময়টা ইতিহাসে পরিচিত হয়ে আছে ‘আইয়ামে জাহেলিয়া’ বা অন্ধকার যুগ নামে। কেন? কারণ তাঁদের জ্ঞান তাঁদের চরিত্রকে আলোকিত করতে পারেনি। তাঁদের শিক্ষা তাঁদেরকে মানবিক করেনি। সেই যুগে খুন, রাহাজানি, ছিনতাই, জুয়া, নারী নির্যাতন ছিল সাধারণ ঘটনা। মেয়েশিশুকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। শক্তিশালী দুর্বলের উপর অত্যাচার করত। এত সাহিত্য, এত কবিতা, এত জ্ঞান থাকার পরও সমাজ ছিল অন্ধকারে ডুবে। এ থেকে বোঝা যায়, জ্ঞানই সবকিছু নয়। জ্ঞানের সাথে যদি চরিত্র না থাকে, তবে সেই জ্ঞান সমাজকে বাঁচাতে পারে না। এ কারণেই রাসূলুল্লাহ (সা.) উত্তম হওয়ার মাপকাঠি হিসেবে ডিগ্রি বা বংশকে নয়, চরিত্রকে নির্ধারণ করেছেন। তিনি বলেছেন, “তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যার চরিত্র উত্তম।” (বুখারি: ৬০৩৫) মহান আল্লাহ তায়ালা বলেন, “বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান?” (সূরা যুমার: ৯) অর্থাৎ জ্ঞানীর মর্যাদা অবশ্যই বেশি। কিন্তু এই জ্ঞান তখনই মূল্যবান, যখন তা মানুষকে ভালো কাজে উৎসাহিত করে।আরও পড়ুন, জনগণের নিরাপত্তারক্ষী পুলিশ কেন বারবার প্রতিহিংসার শিকার? যে জ্ঞান মানুষকে অহংকারী করে, যে জ্ঞান মানুষকে অন্যের ক্ষতি করতে শেখায়, সে জ্ঞান আসলে জ্ঞান নয়, সেটা অভিশাপ।হাদিসে এমন এক ব্যক্তির কথা এসেছে, যাকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে দুনিয়াতে মানুষকে সৎকাজের আদেশ দিত, কিন্তু নিজে তা পালন করত না। (সহিহ বুখারি: ৩২৬৭) অর্থাৎ তার মুখে ছিল জ্ঞান, কিন্তু তার জীবনে ছিল না আমল। এমন মানুষ সমাজে অনেক আছে। তারা অন্যকে উপদেশ দেয়, কিন্তু নিজেরা তা মানে না।জ্ঞান যদি হৃদয়কে আলোকিত না করে, জ্ঞান যদি বিবেকের দরজা না খোলে, জ্ঞান যদি মানুষকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীবে পরিণত না করে, তবে সেই জ্ঞানই জাহান্নামের শাস্তির কারণ হয়ে দাঁড়ায়।দুর্জন কে:প্রাচীন প্রবাদ আছে, “দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।” অর্থাৎ একজন মানুষ যতই শিক্ষিত হোক, তার চরিত্র যদি খারাপ হয়, তবে তাকে ত্যাগ করা উচিত। শিক্ষার অভাবে নয়, চরিত্রের অভাবে মানুষ দুর্জন হয়। যে মানুষ তার জ্ঞানকে অহংকারের কাজে ব্যবহার করে, সে দুর্জন। যে মানুষ তার পদ-পদবি, টাকা-পয়সা দিয়ে অন্যকে ছোট করে, সে দুর্জন। যে মানুষ মিথ্যা বলে, প্রতারণা করে, হিংসা করে, সে দুর্জন। মহান আল্লাহ বলেন, “হে মুমিনগণ! তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।” (সূরা আন-নূর: ২৪/২১) অপর আয়াতে তিনি বলেন, “নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবে গ্রহণ করো।” (সূরা ফাতির: ৩৫/৬) শয়তান ছিল অনেক জ্ঞানী। কিন্তু তার অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে। সে আদম (আ.)-কে সিজদা করতে অস্বীকার করেছিল। তার অহংকার তার সম্মানকে ধূলিসাৎ করে দিয়েছে। আজ যারা নিজেদের জ্ঞান, টাকা, ক্ষমতা নিয়ে অহংকার করে, তারাও একই পথে হাঁটছে। তারা ভুলে যায়, অহংকার শুধু আল্লাহর জন্য শোভা পায়, মানুষের জন্য নয়। দুর্জন মানুষ শুধু নিজে ধ্বংস হয় না, সে তার পরিবার ও সমাজকেও ধ্বংস করে। একজন দুর্জন শিক্ষক একটি ক্লাস নষ্ট করতে পারে, একজন দুর্জন নেতা একটি গ্রাম নষ্ট করতে পারে, একজন দুর্জন বন্ধু একটি জীবন নষ্ট করতে পারে।আরও পড়ুন, জননিরাপত্তায় মাঠে প্রশাসন-যৌথ বাহিনী, সাতক্ষীরায় দিনব্যাপী টহল ও নজরদারিআদর্শ মানুষ :আদর্শ মানুষ হলো সেই ব্যক্তি, যে জ্ঞানকে আমলে পরিণত করে। যার জ্ঞান তাকে বিনয়ী করে, নম্র করে। যে যত বেশি জানে, সে তত বেশি বিনয়ী হয়। যেমন — গাছে যত বেশি ফল ধরে, গাছ তত বেশি নুয়ে পড়ে।আদর্শ মানুষের তিনটি প্রধান গুণ থাকে।১. বিনয়:সে কখনো নিজেকে বড় মনে করে না। সে সবার সাথে ভালো ব্যবহার করে।২. সততা:সে কথায় ও কাজে সত্য থাকে। সে মিথ্যা বলে না, প্রতারণা করে না।৩. মানবতা:সে মানুষের কষ্টে কষ্ট পায়, মানুষের সুখে সুখী হয়।আল্লাহ তায়ালা বলেন, তুমি যদি অনেক জ্ঞান অর্জন করো, কিন্তু তা যদি তোমার আচরণে প্রকাশ না পায়, তবে মনে রেখো তুমি মূলত একটি বোঝা বহনকারী গাধার মতো, যার পিঠে বইয়ের বোঝা চাপানো হয়েছে। অর্থাৎ জ্ঞান শুধু মুখস্থ করলেই হবে না, তাকে জীবনে কাজে লাগাতে হবে।আদর্শ মানুষ কখনো অন্যের দোষ খোঁজে না, বরং নিজের দোষ সংশোধন করে। সে অন্যের সাফল্যে হিংসা করে না, বরং তার জন্য দোয়া করে। সে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে, কষ্টের সময় ধৈর্য ধরে।পরিশেষে ইসলাম শুধু জ্ঞান অর্জনের কথা বলেনি, জ্ঞান অনুযায়ী আমল করার কথা বলেছে। একজন আদর্শ মানুষ হতে হলে শুধু বই পড়লেই হবে না, নিজের চরিত্রকে সুন্দর করতে হবে।মনে রাখতে হবে, দুর্জন বিদ্বান হলেও তার বিদ্যা সমাজের কোনো কাজে আসে না। আর আদর্শ মানুষ অল্প জানলেও তার জ্ঞান দিয়ে সমাজকে আলোকিত করে।