প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
সাংবাদিক দুলালের ওপর হত্যাচেষ্টায় হামলার প্রধান আসামি আমান গ্রেপ্তার
আবদুস সালাম খান ||
রংপুরের গঙ্গাচড়ায় জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি আমানুজ্জামান আমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে রংপুর মহানগরীর পরশুরাম থানাধীন সোটাপীর এলাকার ‘ড্রিম টাচ’ নামের একটি ফুলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমানুজ্জামান আমানের অবস্থান শনাক্ত করা হয়। পরে সাদাপোশাকে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) ওই এলাকায় গিয়ে তথ্যের সত্যতা যাচাই করেন। এরপর গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আমানুজ্জামান আমান (২৪) গঙ্গাচড়া উপজেলার উমর গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি গঙ্গাচড়া মডেল থানায় ৪ অক্টোবর ২০২৬ তারিখে দায়ের করা মামলা নম্বর-০৫-এর এক নম্বর আসামি। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর বাজারে হামলার শিকার হন সাংবাদিক আব্দুল বারী দুলাল। অভিযোগ রয়েছে, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান ও জরিমানার সংবাদ প্রকাশের জেরে তার ওপর হামলার ঘটনা ঘটে।আরও পড়ুন, বাসনে পুলিশের বিশেষ অভিযান, সন্ত্রাসবিরোধী ও অন্যান্য মামলায় গ্রেফতার ৬ঘটনার সূত্রপাত হয় গত ৩০ সেপ্টেম্বর। ওই দিন গজঘণ্টা ইউনিয়নের উমর এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালান গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুর ইসলাম। অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে ওই অভিযানের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সাংবাদিক আব্দুল বারী দুলালকে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ২ অক্টোবর সন্ধ্যায় উমর বাজারে সাংবাদিক দুলালকে একা পেয়ে কয়েকজন তার পথরোধ করেন। এ সময় কয়েকজন তাকে গলা চেপে ধরেন এবং পেছন থেকে হাত আটকে রাখেন। পরে পেছন থেকে আরেক ব্যক্তি কাঠ কাটার ধারালো কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। কুড়ালের আঘাতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান সাংবাদিক দুলাল। এরপরও তাকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ ৩৫ হাজার টাকা এবং শার্টের বাম পকেটে থাকা Oppo A57 মডেলের একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়পড়ুয়া বড় ছেলের সেমিস্টার ফি ও থাকা-খাওয়ার খরচ বিকাশে পাঠানোর জন্য ওই টাকা তার সঙ্গে ছিল। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। এ ঘটনায় ৪ অক্টোবর গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন সাংবাদিক আব্দুল বারী দুলাল।আরও পড়ুন, কাঁচপুরে যাত্রীবেশে বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরামামলায় আমানুজ্জামান আমান (২৪), কামরুজ্জামান (২৬) ও রোকনুজ্জামান বাবু (২১)—তিনজনকেই উমর গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে হিসেবে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাজ উদ্দিন (৫২) ও বেলাল হোসেন (৪৩) মৃত আব্দুল গফুরের ছেলে, হাবিবুর রহমান ওরফে লিখন (৩৩) লুৎফর রহমানের ছেলে এবং জয়দেব এলাকার ২ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়ার আজিজুল ইসলামের ছেলে খোরশেদ আলম (৩৮) মামলার আসামি। অপর আসামি লাল মিয়া (৪৮) মৃত নুরুল হকের ছেলে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বলেন, বালু ব্যবসায়ীদের হামলায় জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলাল আহত হন। তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওসি বলেন, এ ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামি আমানুজ্জামান আমান দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার সকালে রংপুর মহানগরীর সোটাপীর এলাকার ‘ড্রিম টাচ’ ফুলের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আমানুজ্জামান আমানকে মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত