প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায়
সংবাদ দিগন্ত ||
মিয়ানমার মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালত ৯-৬ ভোটে এ রায় ঘোষণা করেন। ২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলায় এ রায় দেওয়া হয়। আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘন করে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের ওপর চরম নির্যাতন চালিয়েছে। এ ছাড়া বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা করা হয়েছে। আদালতের মতে, এসব নৃশংসতার প্রমাণ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের বিষয়টি প্রতীয়মান হয়েছে। রায়ে আরও বলা হয়, ২০১৭ সালের সামরিক অভিযানের সময় মিয়ানমারের গণহত্যার ঝুঁকি সম্পর্কে জানা উচিত ছিল। কিন্তু গণহত্যা প্রতিরোধে দেশটি তার দায়িত্ব পালন করেনি।আরও পড়ুন, ইরানের জলাধার নিয়ে অভিযোগ ভিত্তিহীন বলছে তেহরান২০১৯ সালে গাম্বিয়া আইসিজেতে মামলাটি দায়ের করে। দেশটির অভিযোগ ছিল, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে এবং ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে। গাম্বিয়া গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করার নির্দেশনা চেয়েছিল। অন্যদিকে মিয়ানমারের দাবি ছিল, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশের বিভিন্ন পোস্টে হামলা চালানোর পরিপ্রেক্ষিতে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল। আদালতের রায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, গণহত্যার সুনির্দিষ্ট অভিপ্রায় প্রমাণ করা অত্যন্ত কঠিন। আইসিজের এ রায়ের পরও বিষয়টির বাস্তবায়ন এবং পরবর্তী আন্তর্জাতিক পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ১২ লাখ বাংলাদেশে, বিশেষ করে কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে বসবাস করছেন। সংঘাত ও মানবিক সহায়তা সংকটের কারণে তাঁদের জীবন এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত