প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
ইরানের জলাধার নিয়ে অভিযোগ ভিত্তিহীন বলছে তেহরান
সংবাদ দিগন্ত ||
ইরানজুড়ে বিপুলসংখ্যক জলাধার, পানি সরবরাহের পাইপলাইন ও সুড়ঙ্গের অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছিলেন পরিবেশ ও পানিবিষয়ক বিশেষজ্ঞরা। দেশটির অনেক অবকাঠামো এমন এলাকায় নির্মিত হয়েছে, যেখানে সেগুলোর প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর এসব জলাধারের সঙ্গে সামরিক স্থাপনার সম্ভাব্য যোগসূত্র নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পানিনিরাপত্তা বিশেষজ্ঞ নিমা শোকরি ও জার্মানির হামবুর্গ ইউনিভার্সিটি অব টেকনোলজির তাঁর গবেষক দল ইরানের জলাধার নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন। তাঁদের তথ্য অনুযায়ী, দেশটিতে অন্তত ৫৩৩টি জলাধার রয়েছে। শোকরি জানান, ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার স্থানগুলোর সঙ্গে জলাধারের অবস্থানের মিল দেখে তিনি বিস্মিত হয়েছেন। নিউইয়র্ক টাইমসের সঙ্গে কথা বলা কয়েকজন পানি ও সামরিক বিশেষজ্ঞের ধারণা, জলাধার থেকে নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহের সুবিধা থাকায় এর আশপাশে উন্নত সামরিক স্থাপনা গড়ে তোলার যৌক্তিকতা থাকতে পারে।আরও পড়ুন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান ইরানে পাহাড়ের গভীরে নির্মিত বহু ভূগর্ভস্থ সামরিক স্থাপনা রয়েছে, যেগুলো ‘ক্ষেপণাস্ত্রের শহর’ নামে পরিচিত। এসব স্থাপনায় দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন এবং মজুত করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক ফারজিন নাদিমির ধারণা, ইরানে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্রসংক্রান্ত স্থাপনা রয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, ইরানের জলাধারের বড় অংশই বেসামরিক কাজে ব্যবহৃত হয়। পানি সরবরাহ, সেচ ও জলবিদ্যুৎ উৎপাদনে এসব অবকাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশটির চলমান পানিসংকটের কারণে এগুলোর প্রয়োজনীয়তা আরও বেড়েছে। জলাধার ঘিরে সামরিক স্থাপনার সম্ভাব্য অবস্থান নিয়ে আলোচনার পাশাপাশি ২০১৮ সালে বন্য প্রাণী সংরক্ষণকর্মীদের গ্রেপ্তারের ঘটনাও নতুন করে সামনে এসেছে। সে সময় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা কয়েক ডজন সংরক্ষণকর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করে। তাঁদের একজন পার্সিয়ান ওয়াইল্ডলাইফ হেরিটেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাভুস সৈয়দ-ইমামি রাষ্ট্রীয় হেফাজতে মারা যান। অন্যদের কয়েকজন দীর্ঘদিন কারাগারে ছিলেন।আরও পড়ুন, গাজায় অভিযান নিয়ে ইসরাইল-হামাসের পাল্টাপাল্টি বক্তব্য ইরানি কর্তৃপক্ষের অভিযোগ ছিল, প্রাণীর আবাসস্থল পর্যবেক্ষণের নামে ক্যামেরা বসিয়ে তাঁরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তথ্য সংগ্রহ করছিলেন। তবে কিছু পরিবেশবিদের সন্দেহ, সংরক্ষণকর্মীরা অজান্তেই স্পর্শকাতর সামরিক স্থাপনার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।ইরানের পানিবিষয়ক বিশ্লেষক আমির আগাকুচাকের সন্দেহ, জাগরোস পর্বতমালা থেকে ইয়াজদ প্রদেশে পানি সরবরাহের প্রকল্পের পেছনেও সামরিক বিবেচনা থাকতে পারে। গত মার্চে ইয়াজদে হামলার পর সেখানে বড় ক্ষেপণাস্ত্র স্থাপনা থাকার খবর প্রকাশিত হয়।তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জলাধার নিয়ে অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় হামলার পক্ষে যুক্তি তৈরির চেষ্টা চলছে। জাতিসংঘে ইরানের মিশনও বলেছে, বেসামরিক জলাধার ও পানি সরবরাহ ব্যবস্থায় ইচ্ছাকৃত হামলা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত