প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধের আহ্বান
সংবাদ দিগন্ত ||
ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বন্ধ এবং ভবিষ্যতে হামলার হুমকি প্রত্যাহার করা হলেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বা আইএইএর পূর্ণাঙ্গ যাচাই কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব বলে জানিয়েছে ইরান, চীন ও রাশিয়া। একই সঙ্গে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ভবিষ্যতে আর কোনো হামলা হবে না—এমন বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছে দেশ তিনটি। বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আইএইএর পরিচালনা পর্ষদের অধিবেশনে এক যৌথ বিবৃতিতে নিজেদের অবস্থান তুলে ধরে ইরান, চীন ও রাশিয়া। ইরানের সঙ্গে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সুরক্ষা চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনার সময় এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ইরানের সুরক্ষা চুক্তির আওতাধীন পারমাণবিক স্থাপনাগুলোতে সামরিক হামলা এবং ভবিষ্যতে আরও হামলার অব্যাহত হুমকির কারণে স্বাভাবিকভাবে যাচাই কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। তাই ইরানে যেকোনো পরিদর্শন বা যাচাই কার্যক্রমের পরিকল্পনায় বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিতে হবে। আরও পড়ুন,গাজায় অভিযান নিয়ে ইসরাইল-হামাসের পাল্টাপাল্টি বক্তব্যতিন দেশের মতে, সামরিক আগ্রাসন ও শক্তি প্রয়োগের হুমকি অব্যাহত রেখে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে স্বাভাবিক সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের জন্য চাপ প্রয়োগ করলে আইএইএর পূর্ণাঙ্গ যাচাই কার্যক্রম পুনরায় শুরুর অনুকূল পরিবেশ তৈরি হবে না। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা এবং হামলার হুমকি জাতিসংঘ সনদের বলপ্রয়োগ ও বলপ্রয়োগের হুমকি নিষিদ্ধ করার বিধানের পরিপন্থী। এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক পরমাণু সুরক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতাকে ঝুঁকির মুখে ফেলেছে বলেও দাবি করেছে দেশ তিনটি। এদিকে বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আইএইএর নির্ধারিত সব পরিদর্শনের অনুমতি দিয়েছে তেহরান। সংস্থাটির মহাপরিচালকের প্রতিবেদনেও এ তথ্য উল্লেখ রয়েছে। ইরান, চীন ও রাশিয়ার দাবি, নানা প্রতিবন্ধকতা ও সামরিক হামলার হুমকি থাকা সত্ত্বেও পরিদর্শনের অনুমতি দিয়ে আইএইএর সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিয়েছে ইরান। সব মিলিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক পরমাণু তদারকি কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে সামরিক আগ্রাসন বন্ধ এবং নিরাপত্তার নিশ্চয়তাকে প্রধান শর্ত হিসেবে তুলে ধরেছে দেশ তিনটি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত