প্রিন্ট এর তারিখ : ২০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আইনি পদক্ষেপের ইঙ্গিত টিউলিপের
সংবাদ দিগন্ত ||
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। দুর্নীতির অভিযোগে গত বছর যুক্তরাজ্য সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হওয়ার পেছনে বাংলাদেশে তার বিরুদ্ধে আনা অভিযোগকে দায়ী করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের সংসদ সদস্য টিউলিপ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে অনুপস্থিতিতে বিচার চলছে। গত বছরের ডিসেম্বরে ঢাকার উপকণ্ঠে পরিবারের জন্য জমির প্লট বরাদ্দে শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও ১৬ জনের বিচার হয়। তবে টিউলিপ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, ড. ইউনূস ও শেখ হাসিনার দীর্ঘদিনের বিরোধের মধ্যে তাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে। ‘পলিটিকস আনলিশড’ নামের একটি নতুন পডকাস্টে টিউলিপ বলেন, তিনি ‘বিদ্বেষমূলক মামলার’ শিকার হয়েছেন।আরও পড়ুন, অন্যের প্রযুক্তি নয়, নিজেদের তৈরি স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা একজন অভিজ্ঞ আইনজীবী তাকে জানিয়েছেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার মতো আইনি ভিত্তি রয়েছে। এ বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা করছেন এবং আইনি পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন তিনি। টিউলিপের অভিযোগ, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানতে বাংলাদেশের সরকারের কাছে আইনজীবীদের মাধ্যমে চিঠি পাঠানো হলেও কোনো জবাব পাওয়া যায়নি। তিনি জানান, লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠিয়েছিলেন এবং সরাসরি সাক্ষাতের চেষ্টা করেছিলেন। তবে ইউনূস দেখা করতে রাজি হননি। বিচারের অভিজ্ঞতাকে ‘বিভীষিকাময় দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করে টিউলিপ বলেন, স্কাই নিউজের সতর্কবার্তা দেখে সকালে ঘুম থেকে উঠে প্রথম জানতে পারেন, তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এদিকে বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথাও জানিয়েছেন টিউলিপ। নিরাপত্তা হুমকি পাওয়ার পর স্টারমার তাকে বার্তা পাঠিয়েছিলেন বলে জানান তিনি। ড. ইউনূসের দুই ঘনিষ্ঠ সহযোগীর মাধ্যমে মন্তব্য জানতে চাওয়া হলেও তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত