প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
বকশীগঞ্জে পুকুরের জমি আবাদ নিয়ে বিরোধ, মানহানির অভিযোগ
সংবাদ দিগন্ত ||
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী গ্রামে পৈতৃক পুকুরের জমি আবাদযোগ্য করার উদ্যোগকে কেন্দ্র করে বিরোধ ও পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী। সম্প্রতি এক লিখিত অভিযোগে মোহাম্মদ আলী দাবি করেন, তাঁর চাচা তোফাজ্জল হোসেনকে অজুহাত হিসেবে ব্যবহার করে একটি স্বার্থান্বেষী মহল প্রশাসন ও বিভিন্ন গণমাধ্যমে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এতে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। লিখিত বক্তব্যে মোহাম্মদ আলী জানান, ১৯৮২ সালের ৩১ জানুয়ারি তাঁর মরহুম দাদার রেখে যাওয়া সম্পত্তি বণ্টননামার মাধ্যমে তাঁর প্রয়াত বাবা ও চাচা তোফাজ্জল হোসেনের মধ্যে ভাগ করা হয়। পরে তাঁর বাবা মারা গেলে তাঁরা ভাই-বোনেরা বণ্টন অনুযায়ী জমি নিজ নিজ দখলে রেখে চাষাবাদ করে আসছেন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এ নিয়ে কোনো বিরোধ ছিল না।আরও পড়ুন, দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া ঘর মালিকদের হাতে উপজেলা প্রশাসন কর্তৃক চেক বিতরণমোহাম্মদ আলীর ভাষ্য, বাপ-দাদার রেকর্ডীয় ও মালিকানাধীন জমিতে থাকা পুকুরে তাঁরা মাছ চাষ করেন। পুকুরের দক্ষিণ-পূর্ব পাশে প্রায় এক শতাংশ জমি উঁচু হয়ে থাকায় তা চাষাবাদের অনুপযোগী ছিল। জমিটি আবাদযোগ্য করার উদ্যোগ নেওয়ার পর কয়েকজন ব্যক্তি তাঁর চাচার জমি কাটার অভিযোগ তুলে বিষয়টি প্রশাসন ও গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপন করেন। তিনি দাবি করেন, তাঁর চাচার কোনো জমি তাঁরা কাটেননি এবং এ ঘটনায় চাচার আপত্তি বা ক্ষুব্ধ হওয়ার মতো কোনো ঘটনাও ঘটেনি। পুরো বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা উল্লেখ করে তিনি এর প্রতিবাদ জানান। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একজন দক্ষ কর্মকর্তার মাধ্যমে সরেজমিন তদন্তের দাবি জানিয়েছেন মোহাম্মদ আলী। একই সঙ্গে তদন্তে দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত