প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
ফ্যাসিবাদ প্রতিরোধে জেলা ও আসনভিত্তিক কমিটি গঠনের আহ্বান
সংবাদ দিগন্ত ||
দেশের প্রতিটি জেলা ও সংসদীয় আসনে সংসদ সদস্যদের নেতৃত্বে ফ্যাসিবাদ প্রতিরোধ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নাজিবুর রহমান। একই সঙ্গে প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে একটি বিলের সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য দেওয়ার সময় স্পিকারের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি এ প্রস্তাব দেন। সংসদে বক্তব্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন আমিরের দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রসঙ্গ তুলে নাজিবুর রহমান বলেন, ফ্যাসিবাদ প্রতিরোধে শুধু বক্তব্য দিলেই হবে না, এর শিকড় উপড়ে ফেলতে হবে। তা না হলে জনগণ আইনের সুফল থেকে বঞ্চিত হবে। নিজের নির্বাচনি এলাকার এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের প্রশংসা করেছেন এবং দলটির নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে লিখিত অভিযোগ ও সংবাদ প্রকাশিত হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। আরও পড়ুন, সোনাগাজীতে বাড়িতে ঢুকে তিন কক্ষ ও তিন ট্রাকে আগুনএ ছাড়া সম্প্রতি এক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রকাশ্যে ওই ওসিকে হুমকি দিয়েছেন বলেও সংসদে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদমর্যাদার এক ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন এই সংসদ সদস্য। বক্তব্যের দ্বিতীয় অংশে প্রস্তাবিত আইনের ১৯ নম্বর দফায় ‘সরল বিশ্বাসে কৃত অপরাধের’ জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফৌজদারি ও দেওয়ানি মামলা থেকে দায়মুক্তি দেওয়ার বিধানের বিরোধিতা করেন তিনি। নাজিবুর রহমান বলেন, ২০১০ সালে প্রণীত একই ধরনের একটি আইনকে হাইকোর্ট বিভাগ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেছিলেন। ওই রায়ের অন্যতম কারণ ছিল দায়মুক্তির বিধান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এমন সুরক্ষা বৈষম্যমূলক ও উচ্চ আদালতের রায়ের পরিপন্থী উল্লেখ করে বিধানটি বাতিলের দাবি জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত