প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬
গাজায় অভিযান নিয়ে ইসরাইল-হামাসের পাল্টাপাল্টি বক্তব্য
সংবাদ দিগন্ত ||
দুই বছর ধরে বিমান হামলা চালানোর পর এবার ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বুধবার (১৮ নভেম্বর) শুরু হওয়া এ অভিযানের মধ্যে ইসরাইলি ট্যাংক মোতায়েন, গোলাবর্ষণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন স্থানীয় বাসিন্দারা। বার্তা সংস্থা এএফপির এক সাংবাদিক বুধবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের পূর্ব দিকে ইসরাইলি ট্যাংক মোতায়েন থাকতে দেখেন। পরে এক বিবৃতিতে আইডিএফ জানায়, ইসরাইলি সামরিক বাহিনী ও দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট যৌথভাবে মধ্য গাজায় স্থল অভিযান শুরু করেছে। বিবৃতিতে বলা হয়, গাজার ‘হলুদ লাইন’-এর পশ্চিমে থাকা একটি সুড়ঙ্গপথ ধ্বংস করাই অভিযানের লক্ষ্য। আইডিএফের দাবি, হামাসের তৈরি ওই সুড়ঙ্গপথ ইসরাইলি বাহিনীর জন্য সরাসরি ও বড় ধরনের হুমকি হয়ে উঠেছিল। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় ‘হলুদ লাইন’ ঘোষণা করে ইসরাইল। এই রেখা ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা এবং হামাস নিয়ন্ত্রিত এলাকাকে আলাদা করেছে। আরও পড়ুন, রোহিঙ্গা নির্যাতনের বিচার নিয়ে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তইসরাইলি সামরিক বাহিনীর দাবি, বর্তমানে গাজার ৬০ শতাংশের বেশি এলাকা তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, নুসেইরাত শরণার্থী শিবিরের উত্তরে ইসরাইলি বাহিনীর তীব্র গোলাবর্ষণ চলছে। মধ্য গাজায় সামরিক যান চলাচলের পাশাপাশি দুপুর থেকে গোলাগুলি ও বিমান হামলাও অব্যাহত রয়েছে।ইসরাইলের নতুন সামরিক অভিযানকে যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে হামাস। সংগঠনটি অভিযোগ করেছে, জোরপূর্বক বাসিন্দাদের সরিয়ে নেওয়ার হুমকি এবং বেসামরিক মানুষকে বাস্তুচ্যুত করা যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। এক বিবৃতিতে হামাস আরও অভিযোগ করে, ইসরাইল পরিকল্পিতভাবে গাজার বেসামরিক মানুষকে ক্রমেই সংকুচিত একটি এলাকায় ঠেলে দিচ্ছে। এতে উপত্যকাটিতে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত