প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সংবাদ দিগন্ত ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাস কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে উল্লেখ করে বলেন, সাম্প্রতিক সময়ে দলটির কর্মকাণ্ড প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়; বরং একটি সন্ত্রাসী গোষ্ঠী। দেশের ভেতরে ও বাইরে অবস্থানরত পলাতক নেতাকর্মীদের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছে, তখন পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির পলাতক নেত্রীর নির্দেশে গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং হত্যার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।আরও পড়ুন, নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের হিসাবে ভুলবিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সংসদে ও সংসদের বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় পতিত ও পরাজিত শক্তির বিরুদ্ধে সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে। বেগম খালেদা জিয়ার দেওয়া পুরোনো রাজনৈতিক স্লোগান স্মরণ করে তিনি বলেন, ‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ বাংলাদেশকে আর কোনো তাবেদারি শক্তির হাতে তুলে দেওয়া হবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, গণতন্ত্রকামী জনগণ তাদের আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। চব্বিশের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পতিত স্বৈরাচারের যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার শপথ নিয়ে তিনি সংসদের সমাপনী বক্তব্য শেষ করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত