প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
ডেমরায় ডিএসসিসি প্রশাসকের সামনেই বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
সংবাদ দিগন্ত ||
রাজধানীর ডেমরায় খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সামনেই বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের ঘটনা ঘটে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ডেমরা থানাধীন হাজীনগরের ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল এবং কোনাপাড়া-গলাকাটা খালের পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, অনুষ্ঠানে বিএনপি নেতা নবী উল্লাহ নবী ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিমকে এলোপাতাড়ি ঘুষি মারেন। এরপর দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় চেয়ার ভাঙচুর, ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে আবদুস সালাম উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।আরও পড়ুন, হাতিরঝিলে দূষণের সঙ্গে পানির রং পরিবর্তনের যোগসূত্র খুঁজছে বুয়েটনবী উল্লাহ নবীর দাবি, বিলুপ্ত কমিটির সাবেক নেতা সেলিম ও মো. আনিসুজ্জামান বিনা আমন্ত্রণে লোকজন নিয়ে অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তাঁদের সঙ্গে আওয়ামী লীগের বহিরাগত নেতাকর্মীও ছিল বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান। অন্যদিকে আনিসুজ্জামান বলেন, ডিএসসিসি প্রশাসক ও দলীয় কার্যালয়ের আমন্ত্রণেই তাঁরা অনুষ্ঠানে এসেছিলেন। তিনি অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে সেলিমকে হত্যার উদ্দেশ্যে নবী উল্লাহ নবী হামলা করেছেন। তাঁর দাবি, পুলিশ ঘটনাস্থল থেকে একটি চীনা কুড়াল উদ্ধার করেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সেলিমের বক্তব্য পাওয়া যায়নি। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান জানান, অনুষ্ঠানের মঞ্চে হঠাৎ হট্টগোল শুরু হয় এবং একপর্যায়ে চেয়ার ভাঙচুর করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করে। এদিকে হ্যান্ডমাইকে নেতাকর্মীদের উদ্দেশে আবদুস সালাম বলেন, দলের অভ্যন্তরীণ বিরোধ নিজেদের মধ্যে সমাধান করতে হবে। দলীয় শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিশৃঙ্খলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত