প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
মো. ইনতাজ হোসেন ||
বান্দরবানের আলীকদম উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী (৪১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কনস্টেবল (নং-৫৩১) হিসেবে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ৮৪০৪০৬৪৬২৩। তিনি কক্সবাজার জেলার বাসিন্দা এবং দীর্ঘ ২২ বছর ধরে পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে থানার সরকারি কাজে মোটরসাইকেলযোগে আলীকদম থেকে লামার দিকে যাচ্ছিলেন কনস্টেবল সাজু চক্রবর্তী। পথে শিবাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ চকরিয়া থেকে আলীকদমগামী একটি লোকাল বাসের সঙ্গে তার মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।আরও পড়ুন, বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় মদ উদ্ধারখবর পেয়ে আলীকদম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও শনাক্ত করে। এ সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ঘাতক বাসটিকে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের প্রাথমিক ধারণা, পাহাড়ি ও আঁকাবাঁকা সড়কে দ্রুতগতিতে গাড়ি চালানো এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত সাজু চক্রবর্তী কক্সবাজার জেলার চৌফলদণ্ডী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলীকদমে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে নিহত পুলিশ সদস্যের মরদেহ আলীকদম সদর হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত