প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
সোনালি ধানে হাসি কৃষকের, তবে আবহাওয়া ও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা
জয় কুমার রায় ||
যশোরের কেশবপুর উপজেলায় পুরোদমে শুরু হয়েছে আমন ধান কাটা ও ঘরে তোলার উৎসব। দিগন্তজোড়া মাঠে এখন পাকা ধানের সোনালি শীষ দুলছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে কৃষক-কৃষাণিদের ব্যস্ততা চোখে পড়ার মতো—কোথাও চলছে ধান কাটা, আবার কোথাও উঠোনে চলছে মাড়াই ও শুকানোর কাজ। দীর্ঘ কয়েক মাসের পরিশ্রম ও পরিচর্যার পর নতুন ধান ঘরে তোলার আনন্দে কৃষকের মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। সরেজমিনে দেখা গেছে, পরিবারের সদস্যদের পাশাপাশি দিনমজুর ও শ্রমিকদের নিয়ে ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সামগ্রিকভাবে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর অধিকাংশ জমিতেই ধানের বাম্পার ফলন হয়েছে। যদিও কিছু এলাকায় রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ এবং অতিবৃষ্টির কারণে ফলনে কিছুটা প্রভাব পড়েছে, তবুও আশানুরূপ ফলন পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অধিকাংশ কৃষক।আরও পড়ুন, সাভার-আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবীতে তৃতীয় দিনের মতো শ্রমিক আন্দোলনতবে ভালো ফলনের আনন্দের মাঝেও কৃষকদের কপালে ভাঁজ ফেলেছে উৎপাদন খরচ ও বর্তমান আবহাওয়া। কৃষকরা জানান, এ বছর সার, বীজ, কীটনাশক, সেচ এবং শ্রমিকের মজুরি—সব কিছুরই দাম বেড়েছে। তাই উৎপাদন খরচ পুষিয়ে কিছুটা লাভের মুখ দেখতে বাজারে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। এর পাশাপাশি সাম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকায় পাকা ধান দ্রুত ঘরে তোলা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। এ বিষয়ে উপজেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব এলাকায় আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলবে। বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে কৃষকদের দ্রুত পাকা ধান কেটে ঘরে তোলার এবং সঠিকভাবে সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত