প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে শঙ্কায় অভিনেত্রী ফারিন খান
সংবাদ দিগন্ত ||
ছোটপর্দার অভিনেত্রী ও মডেল ফারিন খান দীর্ঘদিন ধরে পরিচিত এক ব্যক্তির মাধ্যমে ব্ল্যাকমেইলিং ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। সম্প্রতি ফেসবুক লাইভে এসে নিজের ব্যক্তিগত ভিডিও, কথোপকথন ও নথিপত্র ছড়িয়ে দেওয়ার আশঙ্কার কথা জানান তিনি। তবে আপাতত অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী। ফেসবুক লাইভে ফারিন বলেন, একজন শিল্পী হিসেবে অভিনয়ের বাইরে তাঁর ব্যক্তিগত জীবনও রয়েছে, যা তিনি সব সময় গণমাধ্যমের আড়ালে রাখতে চেয়েছেন। কিন্তু পরিস্থিতির কারণে তাঁকে প্রকাশ্যে কথা বলতে হচ্ছে। নিজের মানসিক বিপর্যস্ত অবস্থার কথাও তুলে ধরেন তিনি। অভিনেত্রীর দাবি, অভিযুক্ত ব্যক্তি তাঁর পূর্বপরিচিত। ওই ব্যক্তি ফারিনের কয়েকজন সহকর্মীর কাছে তাঁর ব্যক্তিগত ভিডিও ও কথোপকথন শেয়ার করছেন। যাঁদের কাছে এসব পাঠানো হচ্ছে, তাঁদের সঙ্গেও কথা বলতে চান বলে জানান তিনি। ফারিন আরও অভিযোগ করেন, তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও মুঠোফোন একাধিকবার হ্যাক করা হয়েছে। ব্যক্তিগত অনেক নথিপত্রও ওই ব্যক্তির কাছে রয়েছে বলে দাবি করেন তিনি। আরও পড়ুন,মিকি মাউসের জন্মদিনে ফিরে দেখা তার শুরুর গল্পএসব ঘটনা নিয়ে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান অভিনেত্রী। ফারিন বলেন, তাঁর কোনো ব্যক্তিগত কথোপকথন, ভিডিও বা অন্য কোনো তথ্য কারও কাছে পাঠানো হলে তাঁকে যেন বিষয়টি জানানো হয়। ভবিষ্যতে কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস হলে এর দায় সংশ্লিষ্ট ব্যক্তির ওপর বর্তাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অভিনেত্রী জানান, আগামী দুই-তিন দিন শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় এখনই অভিযুক্তের নাম প্রকাশ করছেন না। কাজ শেষ করে অভিভাবকদের সঙ্গে বসে বিস্তারিত জানাবেন। এরপর গণমাধ্যমকর্মীদের নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অভিযুক্তের নাম প্রকাশ ও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিস্তারিত তুলে ধরবেন। এ সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চান ফারিন। অভিযুক্তের বিরুদ্ধে তাঁর আনা অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত