প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
ওয়াশিংটন-বেইজিং আলোচনার আগে মস্কোর শক্তি প্রদর্শন?
সংবাদ দিগন্ত ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে সামনে রেখে বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) চীনের শেনজেন শহরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার একই শহরে ট্রাম্প, শি ও পুতিনের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি অনুষ্ঠিত হলে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার তিন নেতার মধ্যে হবে প্রথম সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনকে কেন্দ্র করে শেনজেনে সমবেত হয়েছেন বিশ্বনেতারা। ট্রাম্পের আগমনের এক দিন আগে শি ও পুতিনের বৈঠককে পশ্চিমা প্রভাব মোকাবিলায় চীন-রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা। মঙ্গলবার শেনজেনে ব্যবসায়ীদের একটি সম্মেলনে বক্তব্য দেন পুতিন। সেখানে ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে আসন্ন বৈঠককে ‘বড় সম্ভাবনাময়’ বলে উল্লেখ করেন তিনি। একই দিন রাতে শেনজেন বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। এ সময় তাকে স্বাগত জানাতে চীনা নাগরিকদের একটি দল রাশিয়ার পতাকা ওড়ান।আরও পড়ুন,ট্রাম্পের এশিয়া সফর ঘিরে ফিলিপাইনে বিক্ষোভএদিকে পুতিনের চীন সফরের পাশাপাশি ভিয়েতনামে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমারু বিমান অবতরণের খবর সামনে এসেছে। স্যাটেলাইট চিত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সোভিয়েত যুগের পর এই প্রথম প্রকাশ্যে রাশিয়ার এমন যুদ্ধবিমান ভিয়েতনামে অবতরণ করেছে বলে তথ্য পাওয়া গেছে। ভিয়েতনামের সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে। দেশটির সামরিক সরঞ্জামের বড় অংশ রাশিয়া সরবরাহ করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক জোরদার করেছে হ্যানয়। বিশ্লেষকদের মতে, পুতিনের চীন সফরের সময় ভিয়েতনামে রুশ বোমারু বিমান অবতরণের ঘটনা ওয়াশিংটন ও বেইজিংয়ের সঙ্গে আলোচনার আগে মস্কোর সামরিক সক্ষমতা ও বৈশ্বিক উপস্থিতির বার্তা বহন করছে। ট্রাম্পের সফর ঘিরে শেনজেনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এপেক সম্মেলন উপলক্ষে শহরের রাস্তাঘাট সাজানো হয়েছে নানা রঙের ব্যানারে। পাশাপাশি নিরাপত্তা ও সম্মেলন আয়োজনের প্রস্তুতিও জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত