প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
মিরপুর-১৩ নম্বরে পোশাক কারখানার সামনে সংঘর্ষ
সংবাদ দিগন্ত ||
রাজধানীর মিরপুরের কাফরুলে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, কারখানা দুটিতে প্রায় ৫ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। সকালে এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে সেসব কারখানার শ্রমিকদেরও বাইরে বের করে নিয়ে আসেন।এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। তবে ঘটনার পরও কারখানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। আরও পড়ুন,ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার লক্ষ্য থেকে সরবে না: আসাদুজ্জামানঅন্যদিকে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর এলাকার সড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। ওই এলাকাগুলোতে শ্রমিকদের সড়কে নামার খবর পাওয়া যায়নি। মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম জানিয়েছেন, সকালে কিছুটা ঝামেলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে। উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বকেয়া বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সম্প্রতি মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করলেও বিভিন্ন এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। এর মধ্যেই মিরপুরের কাফরুলে নতুন করে এই উত্তেজনার ঘটনা ঘটল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত