প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারের পর ডিবির কাছে হস্তান্তর সাবেক প্রতিমন্ত্রী হিরুকে
সংবাদ দিগন্ত ||
রাজধানীর বারিধারা থেকে নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে এসআরবি। গ্রেপ্তারের পর তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) এসআরবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়। পরে এসআরবি সদস্যরা তাঁকে উত্তরা এসআরবি সদর দপ্তরে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। আরও পড়ুন, লন্ডনে বাংলাদেশিদের ওপর হামলায় সরকারের তীব্র নিন্দাসাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে। নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত