প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার লক্ষ্য থেকে সরবে না: আসাদুজ্জামান
সংবাদ দিগন্ত ||
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলেও জানান আইনমন্ত্রী। মঙ্গলবার (১৭ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী জানান, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা ও তাঁর স্ত্রীকে সেদিনই গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২০ মে মামলা করা হয় এবং ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে ১৭ জুন আদালত রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও তাঁর স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আসাদুজ্জামান বলেন, এত অল্প সময়ে মৃত্যুদণ্ডের মামলার আপিল নিষ্পত্তি বাংলাদেশের বিচারিক ইতিহাসে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়সহ সংশ্লিষ্টদের ভূমিকার জন্য ধন্যবাদ জানান তিনি।আরও পড়ুন,মহাখালীর সাততলা বস্তিতে আগুন ঘিরে উদ্বেগ আইনমন্ত্রী বলেন, রামিসার বাবা শুরুতে মামলা করতে চাননি। মামলা করেও ন্যায়বিচার পাবেন কি না, তা নিয়ে তাঁর আশঙ্কা ছিল। পরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তিনি রামিসার বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান এবং ন্যায়বিচারের আশ্বাস দেন। সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করেছে। হাদি হত্যা মামলার বিষয়ে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ ছাড়া মেজর সিনহা, বিশ্বজিৎ ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে শুনানি শুরু হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি আরও বলেন, গত ১৬ থেকে ১৭ বছরে নিখোঁজ, হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক নিপীড়ন কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার ব্যক্তিদের সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ লক্ষ্যে বিভিন্ন জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করার উদ্যোগ নেওয়া হবে। সংসদে বিরোধী দলের সহযোগিতা চেয়ে আইনমন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে বাধা এলেও সরকার এ লক্ষ্য থেকে সরে আসবে না। বিরোধী দলের সংসদ সদস্য নজিবুর রহমান আইনজীবী রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার বিষয়টি সংসদে তুলেছেন। সরকার সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশ্বাস দেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত