প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬
লন্ডনে বাংলাদেশিদের ওপর হামলায় সরকারের তীব্র নিন্দা
সংবাদ দিগন্ত ||
যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর হামলা ও ভীতি প্রদর্শনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যুক্তরাজ্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। মঙ্গলবার ১৭ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাহিদ ইসলামের সম্মানে লন্ডনে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সোমবার হামলা চালান আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশিদের ওপর এ হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সন্ত্রাস ও সহিংসতার কারণে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সদস্যদের দ্বারা সংঘটিত এ হামলা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডের শামিল। আরও পড়ুন,আম্বরখানায় হোটেল পলাশ থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তারসরকার আরও বলেছে, ক্ষমতাচ্যুত শাসনব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের এমন কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং যুক্তরাজ্যের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের ভেতরে কিংবা বাইরে কোনো নাগরিকেরই গণতান্ত্রিক অধিকার চর্চা বা রাজনৈতিক মত প্রকাশের কারণে সহিংসতা ও ভীতি প্রদর্শনের শিকার হওয়া উচিত নয়। এ নীতির প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকার জানিয়েছে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতা বা ভয়ভীতি দেখানোর কোনো সুযোগ নেই। লন্ডনের এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের বিষয়টি এখন যুক্তরাজ্য কর্তৃপক্ষের পদক্ষেপের ওপর নির্ভর করছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত