প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না: রিজভী
সংবাদ দিগন্ত ||
কয়েকটি ককটেল বিস্ফোরণ কিংবা দুয়েকটি গাড়িতে আগুন দিয়ে গণতন্ত্রের অগ্রযাত্রা থামানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কোনো অন্যায় শক্তি জনগণের শক্তির সামনে টিকে থাকতে পারে না। তারা আবারও ক্ষমতায় ফেরার উদ্দেশ্যে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বাসে আগুন, আবার কোথাও পুলিশের বক্সে আগুন দেওয়া হচ্ছে। কিন্তু এসব অপচেষ্টা গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ চায়, যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে এবং ভিন্নমত প্রকাশের অধিকার ভোগ করবে। কেউ গুম বা ক্রসফায়ারের শিকার হবে না। সরকারের সমালোচনা করলেই কাউকে মিথ্যা মামলার মুখোমুখি হতে হবে না।আরও পড়ুন, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি জোরদার এনসিপিরবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা এবং জাতীয় ঐক্য—এই তিনটি প্রত্যয় ৭ নভেম্বরের চেতনার মূল ভিত্তি। অন্যায়, স্বৈরশাসন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এই চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় প্রধান আলোচক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ৭ নভেম্বরের চেতনা ধারণ করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে অর্থনীতি, শিক্ষা, গবেষণা ও কর্মসংস্থানে এগিয়ে যেতে হবে। দুর্নীতি ও বৈষম্য দূর করে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। তিনি আরও বলেন, ৭ নভেম্বর শুধু ইতিহাস স্মরণের দিন নয়; এটি জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার নতুন অঙ্গীকারের দিন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আলিম ও অধ্যাপক ড. মামুনুর রশীদসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, মহানগর বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত