প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
ইরানের হামলার আশঙ্কায় মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত প্রচলিত বোমা বা ‘ডার্টি বোমা’ বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করছে ইরান—এমন আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে ইরান এ ধরনের হামলা চালাতে সক্ষম কি না কিংবা হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্যের সূত্রের বরাত দিয়ে সিএনএন এ প্রতিবেদন প্রকাশ করেছে। অন্তত সাতজন মার্কিন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়। সূত্রগুলোর ভাষ্য, গোয়েন্দা তথ্যকে আপাতত আসন্ন হামলার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে না। বরং সম্ভাব্য হামলার বিকল্প প্রস্তুত রাখার চেষ্টা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে দুটি সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রের হাতে আসা তথ্যে সম্ভাব্য হামলার স্থান ও লক্ষ্যবস্তুর সুনির্দিষ্ট উল্লেখ রয়েছে। এ কারণে দেশটিতে জরুরি প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, চলমান সামরিক অভিযান ও কঠোর অর্থনৈতিক অবরোধের চাপে থাকা ইরান সংঘাত আরও বিস্তৃত করার আগ্রহ দেখাতে পারে। তবে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর মতো লোকবল ইরানের প্রস্তুত রয়েছে কি না, তা নিয়েও সংশয় রয়েছে। আরও পড়ুন,আকাশপথে পরিবহনে নতুন প্রযুক্তির পথে চীনসম্ভাব্য হুমকি মোকাবিলায় গত এক সপ্তাহে মার্কিন কর্মকর্তারা একাধিক বৈঠক করেছেন। নিরাপত্তাজনিত কারণে গত সপ্তাহে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে তার বাসভবন থেকে সরিয়ে সামরিক আবাসনে নেওয়া হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একটি সূত্রের দাবি, মার্কিন গোয়েন্দারা ইরানের কিছু গোপন বার্তা শনাক্ত করেছেন, যেখানে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম মজুত রাখার কথা বলা হয়েছে। তবে এসব তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। কারও ধারণা, আগে থেকেই তেজস্ক্রিয় বা রাসায়নিক পদার্থ মজুত রেখে পরে তা প্রচলিত বিস্ফোরকের সঙ্গে যুক্ত করার চেষ্টা হতে পারে। অন্যদিকে, নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইরান যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ মনে করে। অভিযোগগুলোকে মিথ্যা ও বানোয়াট বললেও ডার্টি বোমা তৈরির পরিকল্পনা নিয়ে সরাসরি মন্তব্য করেনি। ডার্টি বোমা পারমাণবিক বোমা নয়। এতে পারমাণবিক বিস্ফোরণ ঘটে না; বরং প্রচলিত বিস্ফোরকের মাধ্যমে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হামলায় বিস্ফোরণ থেকেই প্রাণহানির প্রধান ঝুঁকি তৈরি হতে পারে। পাশাপাশি তেজস্ক্রিয় দূষণে নির্দিষ্ট এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা থাকে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত