প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস
সংবাদ দিগন্ত ||
ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্র উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে টানা তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে। আগামী ২০ নভেম্বর দুপুর নাগাদ এটি অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আরও পড়ুন,পোশাকশ্রমিকদের বিক্ষোভে থমথমে সাভার ও আশুলিয়াএ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। মঙ্গলবার রাতে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনে সামান্য কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে। শনিবারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর অগ্রগতি এবং এর প্রভাবে দেশের আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত