প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬
ভারতের মুসলিমদের অধিকার সংকুচিত হচ্ছে, অভিযোগ ছাত্রশিবিরের
সংবাদ দিগন্ত ||
ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বিপুলসংখ্যক মানুষের নাম বাদ পড়া এবং এর মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের ভোটাধিকার ও নাগরিকত্বের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি বৈষম্যমূলকভাবে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া বন্ধ, বৈধ ভোটারদের নাম পুনর্বহাল এবং আটক ও বাংলাদেশে পুশইন বন্ধের দাবি জানিয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এসব দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভারতে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বাদ পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যা উদ্বেগজনক। বিশেষ করে পশ্চিমবঙ্গে বিশেষ যাচাই-বাছাইয়ের আওতায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ পড়েছে, যাদের প্রায় ৭০ শতাংশ মুসলিম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৈধ পরিচয়পত্র ও পারিবারিক নথি থাকা সত্ত্বেও অনেক বাংলাভাষী মুসলিমের নাম বাদ দেওয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি তাঁদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ আখ্যা দিয়ে আটক ও বাংলাদেশে পুশইন করার অভিযোগও তুলেছে সংগঠনটি। নেতারা বলেন, ভারতের জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫০-এর ২১(৩) ধারা অনুযায়ী নির্বাচন কমিশন বিশেষভাবে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিতে পারে।আরও পড়ুন,পেছনের দরজায় ক্ষমতায় ফেরার স্বপ্ন সফল হবে না: রিজভী তবে একই আইনের ২২ ধারা এবং Registration of Electors Rules, 1960-এর ২১এ বিধি অনুযায়ী, নাম বাদ দেওয়ার আগে যথাযথ তথ্য যাচাই ও সংশ্লিষ্ট ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া প্রয়োজন। ভারতের সংবিধানের ১৪ ও ১৫ অনুচ্ছেদেও আইনের দৃষ্টিতে সমতা এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ছাত্রশিবিরের অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি), সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক আইন, অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের উদ্যোগ এবং ওয়াকফ সম্পত্তি সংশোধনী আইনসহ বিভিন্ন পদক্ষেপে ভারতের মুসলিমদের অধিকার সংকুচিত হয়েছে। মসজিদ ভাঙা এবং বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর উচ্ছেদের ঘটনাকেও বৈষম্যের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন তাঁরা। বিবৃতিতে বলা হয়, ধর্মীয় পরিচয়ের কারণে কোনো জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা বা নাগরিকত্বের প্রশ্নে হয়রানি করা গ্রহণযোগ্য নয়। এ ধরনের কার্যক্রম বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে জাতিসংঘ, ওআইসি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি ভারতের সংখ্যালঘু মুসলিমদের মৌলিক ও নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্রশিবির।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত