প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
দক্ষ ও মানবিক নাগরিক গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সংবাদ দিগন্ত ||
শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, স্কুল-কলেজে নবম শ্রেণি থেকে বাধ্যতামূলকভাবে ভোকেশনাল শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। এ জন্য স্কুল-কলেজে ভোকেশনাল শিক্ষা চালু করা হচ্ছে। নবম শ্রেণি থেকে শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে এ শিক্ষা গ্রহণ করতে হবে। খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসেও শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে। সেখানে ছয় থেকে সাতটি খেলার মধ্যে নিজেদের পছন্দ অনুযায়ী খেলা বেছে নেওয়ার সুযোগ থাকবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।আরও পড়ুন, চলতি সপ্তাহেই আসতে পারে এমপিও শিক্ষকদের পে-স্কেলের গেজেটভাষা শিক্ষার বিষয়ে তিনি বলেন, মাতৃভাষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে আরও একটি ভাষা শিখতে হবে। এ জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয় থেকে সাতটি ভাষার মধ্য থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ থাকবে। ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনজনদের জন্মদিনে উপহার হিসেবে গাছ দেওয়া যেতে পারে। বেশি বেশি বৃক্ষরোপণ করলে পরিবেশ ভালো থাকবে, যার সুফল সবাই ভোগ করবে। প্রধানমন্ত্রী আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব। তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি দক্ষতা, খেলাধুলা, ভাষা শিক্ষা এবং সামাজিক দায়িত্ববোধ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে। এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে ঢাকা-১ আসনের দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ শিক্ষার্থী ও ছয় শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ শিক্ষার্থী ও চার শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয় শিক্ষার্থী জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ সময় তাঁরা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার পাশাপাশি সংক্ষিপ্ত ব্রিফিং, সংসদ লাইব্রেরি পরিদর্শন এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত