প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ১৩১ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন
সংবাদ দিগন্ত ||
দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী বছরের ২৭ মের মধ্যে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে অনুষ্ঠেয় এ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি। শেষ ধাপের ভোট হবে ২৭ মে। সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপ ২৭ মে। প্রতিটি ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার। নির্বাচন কমিশনার বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হয়েছে অথবা নির্বাচনি চক্রের মধ্যে পড়বে, সেগুলোর নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। সব জেলায় একই সময়ে নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের। আরও পড়ুন,‘ভয় ও সন্ত্রাসের রাজনীতি নিয়ে ফিরতে চায় আওয়ামী লীগ’এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন এবং যেসব ইউনিয়নে আগে নির্বাচন হওয়ার কথা ছিল কিংবা মেয়াদ বেশি পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। পরে বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করা হবে। প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তপশিল ঘোষণার বিষয়ে সানাউল্লাহ জানান, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তপশিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলাদা বৈঠক করবে নির্বাচন কমিশন। এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলো জানিয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত