প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
মার্কিন রাজনীতিতে নতুন সমীকরণ, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আলোচনায় ওকাসিও
সংবাদ দিগন্ত ||
যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) নিউইয়র্ক সিটি শাখা। শনিবার সংগঠনটির স্থানীয় শাখার সম্মেলনে এ-সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়। তবে এটি আনুষ্ঠানিক দলীয় সমর্থন বা মনোনয়ন নয়। নিউইয়র্ক সিটি ডিএসএর সহসভাপতি গুস্তাভো গর্ডিলো জানিয়েছেন, সম্ভাব্য প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার ভিত্তি তৈরির লক্ষ্যেই প্রস্তাবটি নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, গণতান্ত্রিক সমাজতান্ত্রিক আন্দোলন শক্তিশালী করা এবং শ্রমজীবী মানুষের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে একটি প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার অনুকূল পরিবেশ তৈরি করতে চায় সংগঠনটি। যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনে গণতান্ত্রিক সমাজতন্ত্রীদের সাফল্যের পর এ আহ্বান এসেছে। এর মধ্যে গত বছর নিউইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির জয় এবং গত ৩ নভেম্বরের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ছয় সদস্য ও লস অ্যাঞ্জেলেসের মেয়র নির্বাচনে বিজয়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর আগে আটলান্টা, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস এবং নিউইয়র্কের ইথাকা শাখাও ওকাসিও-কর্টেজকে ২০২৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জানিয়ে প্রস্তাব গ্রহণ করে। আরও পড়ুন,প্রকাশিতব্য স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’-তে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি তীব্র হতাশা প্রকাশপ্রস্তাবগুলোতে কয়েকটি নীতিগত অগ্রাধিকার তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা, মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিই বিলুপ্ত করা, সবার জন্য মেডিকেয়ার স্বাস্থ্যসেবা এবং ‘গ্রিন নিউ ডিল’ বাস্তবায়ন। নিউইয়র্ক সিটি শাখার প্রস্তাবটি ২৯১-১২৩ ভোটে অনুমোদিত হয়। তবে বিরোধী সদস্যদের কেউ কেউ মনে করেন, ওকাসিও-কর্টেজ সংগঠনটির মূল নীতি ও অগ্রাধিকার থেকে সরে এসেছেন। আনুষ্ঠানিক সমর্থন প্রক্রিয়ার আগে তাঁর প্রার্থিতাকে উৎসাহিত করলে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও আপত্তি জানান তাঁরা। উল্লেখ্য, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে সংগঠনের শর্ত পূরণ না করার অভিযোগে ২০২৪ সালে জাতীয় ডিএসএ ওকাসিও-কর্টেজের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করেছিল। গত আগস্টে তিনি নিজের ডিএসএ সদস্যপদ নবায়ন করেন। এ বিষয়ে তাঁর মুখপাত্র মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত