প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ ও তথ্য সরবরাহের অভিযোগে এসপি গ্রেপ্তার ও ৪ দিনের রিমান্ড
এম মিজানুর রহমান ||
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে উসকানি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নিয়ে গত ১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করা হয়। পরে পুলিশের বিশেষায়িত ইউনিটের অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে বলে জানা গেছে। পুলিশের দাবি, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষায় কয়েকটি সন্দেহজনক হোয়াটসঅ্যাপ বার্তা পাওয়া গেছে। এর মধ্যে ডিসেম্বরের মধ্যে ক্ষমতাচ্যুত আগের সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং জীবন বাজি রেখে মাঠে নামার আহ্বান সংবলিত বার্তা তদন্তকারীদের নজরে এসেছে। এ ছাড়া ডিসেম্বর মাসে জনগণ মৌমাছির মতো রাজপথে নেমে আসবে এমন বক্তব্যও বার্তায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব বার্তার বিষয়বস্তু ও প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে রাষ্ট্রদ্রোহ এবং রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে উসকানির অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ও রাজনৈতিক তৎপরতার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে কথিত বার্তাগুলোর পূর্ণাঙ্গ বিবরণ, প্রেরক-প্রাপকের পরিচয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ সূত্র জানায়, গত ১০ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জাহাঙ্গীর আলমকে কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। একই দিন তাঁর ব্যক্তিগত ও সরকারি দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পাশাপাশি ঘটনার বিভাগীয় অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে। ১১ নভেম্বর তাঁকে আটক করা হয়েছে বলে পুলিশ প্রশাসনের ভেতরে আলোচনা ছড়িয়ে পড়লেও সে সময় রেঞ্জ ডিআইজি আনুষ্ঠানিক গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন। তিনি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোন পরীক্ষা করা হচ্ছে। গত ১৫ নভেম্বর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী হোয়াটসঅ্যাপ গ্রুপে পাওয়া দুটি গুরুত্বপূর্ণ বার্তার বিষয়টি জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, একটি বার্তায় ডিসেম্বরের মধ্যে ক্ষমতাচ্যুত আগের সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং অন্যটিতে জীবন বাজি রেখে সবাইকে মাঠে নামার আহ্বান ছিল।আরও পড়ুন, পাহাড়ের প্রতিটি শিশুর জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিতের প্রত্যাশাজাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য বাইরে সরবরাহের অভিযোগও আনা হয়েছে। পুলিশের দাবি, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে বাহিনীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও অভ্যন্তরীণ তথ্য পৌঁছে দিচ্ছিলেন। তবে কী ধরনের তথ্য, কার কাছে এবং কীভাবে সরবরাহ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা-ও তদন্তাধীন। গত ১৪ নভেম্বর রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী জানান, রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগে মামলা দায়েরের জন্য আইন অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমোদন নেওয়া হয়েছিল। অনুমোদন পাওয়ার পর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়। মামলা দায়েরের পর চট্টগ্রাম মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালান। ওই রাতে নগরের পুলিশ মেস এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। এদিকে ঘটনার বিভাগীয় অনুসন্ধানের প্রাথমিক প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তাঁর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রক্রিয়াও চলছে। তদন্তে অন্য কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, কোনো পুলিশ সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে সেটি তাঁর ব্যক্তিগত দায় এর দায় পুরো পুলিশ বাহিনী নেবে না। মামলাটির তদন্ত পুলিশের বিশেষায়িত ইউনিট পরিচালনা করবে বলেও জানান তিনি। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশে যোগ দেন। সর্বশেষ তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে পুলিশ সুপার পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত