প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার পুনর্বিচারে ভারতের পরামর্শ প্রত্যাখ্যান চিফ প্রসিকিউটরের
সংবাদ দিগন্ত ||
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শের বিরোধিতা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। বাংলাদেশে পুনর্বিচারের বিধান না থাকলেও আপিলের সুযোগ রয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, একবার বিচার সম্পন্ন হওয়ার পর একই অপরাধে নতুন করে বিচার করার প্রক্রিয়াকে ‘ডিনেবো ট্রায়াল’ বা পুনর্বিচার বলা হয়। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের বিধান থাকলেও বর্তমানে তিন দেশেই তা রহিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আমিনুল ইসলাম প্রশ্ন তুলে বলেন, ভারত নিজেই যখন পুনর্বিচারের বিধান বাতিল করেছে, তখন বাংলাদেশকে কীভাবে একই বিষয়ে পুনর্বিচারের পরামর্শ দেয়, তা বোধগম্য নয়। তাঁর মতে, বাংলাদেশে একই অপরাধে দ্বিতীয়বার বিচারের সুযোগ নেই; তবে আইনে আপিলের বিধান রয়েছে।আরও পড়ুন, চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষা দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতির আহ্বানভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন চিফ প্রসিকিউটর। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বিচার মোকাবিলায় তাঁকে বাংলাদেশে ফিরে আসার কিংবা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার পরামর্শ দেওয়া হয়নি কেন? বিচার চলাকালে বা আপিলের নির্ধারিত সময়ে উদ্যোগ না নিয়ে সময় পার হওয়ার পর পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। শেখ হাসিনার আপিলের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, সরকার কিংবা চিফ প্রসিকিউটর ব্যক্তিগতভাবে কাউকে আপিলের সুযোগ দিতে পারেন না। বিষয়টি সম্পূর্ণ আইনের আওতাধীন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ আওয়ামী লীগ সরকার প্রণয়ন করেছিল। ২০১০ সালে ওই আইনের অধীনে বিচার পরিচালনার জন্য বিধিমালাও তৈরি করা হয়। তিনি আরও বলেন, বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি। বিদ্যমান আইনে যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনে কোনো বিধান না থাকলে সরকার, ট্রাইব্যুনাল বা চিফ প্রসিকিউটরের নতুন করে সেই সুযোগ দেওয়ার এখতিয়ার নেই।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত