প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
বিদেশি বিনিয়োগ বাড়াতে চীনে কার্যালয় খুলল ইনভেস্ট বাংলাদেশ
সংবাদ দিগন্ত ||
চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে দেশটিতে প্রথমবারের মতো বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। চীনের শিল্প ও উৎপাদন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র গুয়াংজুতে স্থাপন করা হয়েছে এই কার্যালয়। এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা উদ্যোক্তারা বিনিয়োগসংক্রান্ত তথ্য, বিধিবিধান সম্পর্কে পরামর্শ এবং সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয় সহায়তা পাবেন। রোববার ১৫ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। সংস্থাটি জানায়, বিদেশি বিনিয়োগের গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনায় চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি জানান, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বিনিয়োগ পরিকল্পনার শুরু থেকেই প্রয়োজনীয় সহযোগিতা দেওয়াই এই কার্যালয়ের মূল লক্ষ্য। চীনের গুয়াংজু শহরের শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাত বিবেচনায় শহরটিকে বেছে নেওয়া হয়েছে।আরও পড়ুন, ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রীকার্যালয়টিতে চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মে ঝৌ। আর রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট হিসেবে থাকবেন ইয়াং ওয়েনচুয়াং। দুজনেরই বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় ১০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এদিকে চীনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বিদেশি বিনিয়োগ জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। ওই বছর দেশটি থেকে বাংলাদেশে এসেছে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলারের নিট বিদেশি বিনিয়োগ, যা মোট নিট বিনিয়োগের ১৮ দশমিক ১৩ শতাংশ। নতুন প্রতিনিধি কার্যালয়ের মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করছে ইনভেস্ট বাংলাদেশ। পাশাপাশি ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ বিদেশি বাজারেও প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত