প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
আইএমএফের নতুন কর্মসূচি নিয়ে ফেব্রুয়ারির মধ্যে অগ্রগতির আশা
সংবাদ দিগন্ত ||
আগামী ফেব্রুয়ারির মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন কর্মসূচিতে যুক্ত হওয়ার আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, এ কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হতে পারে। রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আয়োজনে আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন। আমির খসরু বলেন, আইএমএফের কর্মসূচি নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় বিষয়গুলো চূড়ান্ত হবে বলেও মন্তব্য করেন তিনি। আইএমএফের শর্তের কারণে নতুন কর্মসূচিতে যুক্ত হতে দেরি হচ্ছে কি না এমন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, শর্তের কারণে সরকার পিছিয়ে যায়নি। তাঁর ভাষ্য, আগের কর্মসূচিটি বিগত সরকারের সময়ে করা হয়েছিল। সেখানে এমন কিছু বিষয় রয়েছে, যা নির্বাচিত সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়।আরও পড়ুন,সোনার দাম কমলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সব মানের রুপার দাম তিনি বলেন, প্রয়োজনীয় সময় না নিয়ে দ্রুত সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনগণকে ভোগান্তিতে পড়তে হতে পারে। এতে অর্থনীতি ও ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।অর্থমন্ত্রী আরও বলেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এ বাস্তবতা বিবেচনায় দেশের অর্থনৈতিক কাঠামোকে নতুন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। তিনি জানান, সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন কর্মসূচির সঙ্গে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার মতো উন্নয়ন অংশীদাররা সমন্বয় করছে। সব অংশীদার সরকারের কর্মসূচির সঙ্গে সমন্বিতভাবে কাজ না করলে পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। আইএমএফও এ সমন্বয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হচ্ছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত