প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চাই: সাতক্ষীরায় কৃষক-জেলেদের মানববন্ধন
শেখ আমিনুর হোসেন ||
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন, কৃষকের অধিকার সুরক্ষা এবং জলবায়ু বাস্তুচ্যুত মানুষের স্থায়ী পুনর্বাসনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন, র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার গফুর সাহেবের ব্রিজসংলগ্ন স্থানে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’ এ কর্মসূচির আয়োজন করে। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১) সামনে রেখে ‘আইল থেকে আন্তালিয়া ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক প্রচারাভিযানের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়। এতে কৃষক, নারী কৃষক, জেলে, তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৭০ জন অংশ নেন। মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। নারী নেত্রী ফাতেমা বেগমের সভাপতিত্বে এবং স্বদেশের নির্বাহী পরিচালক ও মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন নদী ও বন পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নারী নেত্রী মলুদা বেগম, নারী কৃষক কেয়া ঢালী, মনিরা দাস, সোনিয়া খাতুন ও বাচ্চু। আরও পড়ুন,কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০এ সময় স্বদেশের প্যারালিগাল শরিফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার মো. আজহারুল ইসলাম, কর্মসূচি সংগঠক তাহমিনাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পথসভায় বক্তারা বলেন, বাংলাদেশের কৃষক ও জেলেরা জলবায়ু সংকট সৃষ্টির জন্য দায়ী নন। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা ও জীবিকা সংকটের সবচেয়ে বড় বোঝা তাদেরই বহন করতে হচ্ছে। জলবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায় বিবেচনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে কোনো শর্তযুক্ত ঋণ বা বিনিয়োগ নয়, বরং ন্যায্য ক্ষতিপূরণ হিসেবে অনুদান দিতে হবে। তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের স্থায়ী আবাসন ও পুনর্বাসন, নারী কৃষকের রাষ্ট্রীয় স্বীকৃতি, কর্মসংস্থানের সুযোগ এবং সবার জন্য খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে হবে। কৃষি ও খাদ্যব্যবস্থাকে জলবায়ু সহনশীল করতে হলে প্রান্তিক কৃষক, নারী কৃষক ও জেলেদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ত করাও জরুরি। আয়োজকরা কপ-৩১ সম্মেলনের প্রথম সপ্তাহের অগ্রগতিকে কৃষক ও জলবায়ু ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রত্যাশার তুলনায় হতাশাজনক বলে উল্লেখ করেন। তাদের দাবি, উন্নত দেশগুলোর জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি ৭১ শতাংশ কমে গেছে। অন্যদিকে সম্মেলনে বাংলাদেশের জন্য ঘোষিত ৩ কোটি ডলার অনুদান দেশের বার্ষিক জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির আনুমানিক ১ হাজার ৫২০ কোটি ডলারের মাত্র ০.২ শতাংশ। ফলে জলবায়ু সংকটের বাস্তবতা বিবেচনায় এ অর্থায়ন অত্যন্ত অপ্রতুল। আরও পড়ুন,জানুয়ারী থেকে সিলেটে চালু হচ্ছে ২৫০ শয্যার হাসপতালকপ-৩১ সম্মেলনের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আয়োজকদের প্রধান দাবির মধ্যে রয়েছে—স্বল্পোন্নত দেশগুলোর অভিযোজন অর্থায়ন সম্পূর্ণ অনুদানভিত্তিক করা, ক্ষতিগ্রস্ত কৃষক ও জেলেদের সরাসরি সহায়তা প্রদান, খাদ্য ও কৃষি খাতে অন্তত পাঁচ বছরের স্থায়ী অর্থায়ন কর্মসূচি গ্রহণ এবং কার্বন বাজারের পরিবর্তে কৃষিপ্রতিবেশভিত্তিক ব্যবস্থাকে জলবায়ু সংকট মোকাবিলার কার্যকর সমাধান হিসেবে স্বীকৃতি দেওয়া। পাশাপাশি জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত দেশগুলোর অন্যায্য বিদেশি ঋণ বাতিল, নারী কৃষকের স্বীকৃতি এবং বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ সরকারের প্রতিও সম্মেলনের বাকি দিনগুলোতে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান আয়োজকরা। একই সঙ্গে ঘোষিত ৩ কোটি ডলার অনুদানের ব্যবহার ও বণ্টনে স্বচ্ছতা প্রকাশ, সার উৎপাদনে গ্যাস বরাদ্দে অগ্রাধিকার এবং কৃষক কার্ড ও শস্যবিমা কর্মসূচিতে বর্গাচাষি, নারী কৃষক, ভূমিহীন ও জেলেদের অন্তর্ভুক্ত করার প্রস্তাব তুলে ধরা হয়। উল্লেখ্য, দেশের ৩০টি নাগরিক সংগঠনের যৌথ উদ্যোগে ‘জীবাশ্ম জ্বালানি নয়, ঋণও নয়; খাদ্য নিরাপত্তা ও কৃষিপ্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত কর’ স্লোগানকে সামনে রেখে ১৫টি জেলায় এ প্রচারাভিযান পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় প্রান্তিক কৃষক, জেলে ও জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার ও দাবিগুলো তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত