প্রিন্ট এর তারিখ : ১৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬
মিত্রতা পেরিয়ে প্রতিদ্বন্দ্বিতা, কোন পথে বিএনপি-জামায়াত?
সংবাদ দিগন্ত ||
একসময়ের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াতের বিরোধ ক্রমেই প্রকাশ্য রূপ নিচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক প্রতিযোগিতা ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন মাত্রা পায়। বিএনপি সরকার গঠন করেছে, আর জামায়াত সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। ফলে দুই দলের রাজনৈতিক স্বার্থ, ভোটের হিসাব ও আদর্শিক অবস্থানের পার্থক্য আরও স্পষ্ট হচ্ছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামায়াতের রাজনৈতিক শক্তি বৃদ্ধি বিএনপির জন্য নতুন প্রতিযোগিতা তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। জামায়াত নিজস্ব সাংগঠনিক শক্তি ও বিরোধী দলের ভূমিকার মাধ্যমে স্বতন্ত্র অবস্থান প্রতিষ্ঠা করতে চায়। অন্যদিকে বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব ও প্রভাব ধরে রাখতে সচেষ্ট। নির্বাচনের আগে দুই দলের নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য শুরু হলেও সরকার গঠনের পর তা সংসদেও ছড়িয়ে পড়ে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব ও কৃতিত্ব, সাংবিধানিক সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দুই দলের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরেও পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিমূলক বক্তব্যের অভিযোগ তুলেছেন। তাঁর মতে, বিরোধী দলের গঠনমূলক সমালোচনা করার অধিকার থাকলেও লাগাতার বানোয়াট অভিযোগ গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে।আরও পড়ুন,চিকিৎসকদের মেধা কাজে লাগানোর সুযোগ নিশ্চিতের তাগিদ অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, দলটি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করছে এবং ভবিষ্যতে আরও কঠোর অবস্থান নেবে। আওয়ামী লীগকে ঘিরেও দুই দলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। বিএনপি নেতারা জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের অতীত যোগাযোগের প্রসঙ্গ সামনে আনছেন। জামায়াতের নেতারা আবার সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করছেন। মুক্তিযুদ্ধ ও ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা বিরোধের আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বিএনপি মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্যবোধ সামনে এনে নিজেদের উদার ও মধ্যপন্থী রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে। এতে জামায়াতের অতীত ভূমিকা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক মাহবুব উল্লাহ বিষয়টিকে স্পর্শকাতর বলে মন্তব্য করেছেন। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের মতে, বিএনপি-জামায়াতের আগের মিত্রতা যেমন কৌশলগত ছিল, বর্তমান বিরোধও ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতার অংশ। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, স্থানীয় সরকার নির্বাচন দুই দলের সাংগঠনিক শক্তি ও জনসমর্থনের নতুন পরীক্ষা হতে পারে। শেষ পর্যন্ত সরকারের কর্মকাণ্ড, জনসমর্থন এবং দল দুটির রাজনৈতিক কৌশলই নির্ধারণ করবে এই বিরোধ কতটা গভীর ও দীর্ঘস্থায়ী হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত