প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক অসন্তোষ না কমলে তিন শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর
সংবাদ দিগন্ত ||
শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর, আশুলিয়া ও সাভার এলাকার তৈরি পোশাক কারখানা বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি অভিযোগ করেছেন, পোশাকশিল্পে একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের রপ্তানি আয় বাধাগ্রস্ত হচ্ছে। শনিবার (১৪ নভেম্বর) চলমান শ্রমিক অসন্তোষ ও মজুরি বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিজিএমইএ সভাপতি বলেন, বিভিন্ন কারখানার ভেতরে ভীতিকর ও অরাজক পরিস্থিতি তৈরি করা হচ্ছে। শ্রমিকেরা কারখানায় এসে হাজিরা দিয়েই বের হয়ে যাচ্ছেন। এমনকি তাঁদের দিয়ে কারখানায় ভাঙচুর করানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে ইতোমধ্যে ১৪৭টি কারখানা বন্ধ হয়ে গেছে। মজুরি বোর্ডের কার্যক্রমে অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে মাহমুদ হাসান খান বলেন, একটি মহলের কারণে মজুরি বোর্ড স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। অবিলম্বে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না এলে মজুরি বোর্ডে মালিকপক্ষের আলোচনা প্রশ্নবিদ্ধ হবে।আরও পড়ুন, নারীদের জন্য ১০০ ইলেকট্রিক বাস কিনছে সরকারতিনি আরও বলেন, বিজিএমইএ বা বিকেএমইএ কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা নিয়ে কাজ করে না। সংগঠনের নেতাদের ব্যক্তিগত রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে সংগঠন হিসেবে তারা ক্ষমতাসীন সরকারের সঙ্গে কাজ করে এবং সহযোগিতা করে। পোশাকশিল্পে চলমান অস্থিরতা প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি জানান, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠিত হয়েছে। তবে এর আগেই অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শিল্পাঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে শুরু করে। তাঁর ভাষ্য, অক্টোবরের আগে শ্রমিকদের উত্থাপিত দাবিগুলোর যৌক্তিকতা থাকতে পারে। কিন্তু মজুরি বোর্ড গঠনের পর থেকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা কোনোভাবেই যৌক্তিক নয়। তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের প্রথম দিনই নতুন মজুরি কবে থেকে কার্যকর হবে, তা জানানো হয়েছে। এরপরও অস্থিরতা তৈরির পেছনে মালিকপক্ষকে চাপ দিয়ে অযৌক্তিক মজুরি ঘোষণা করানোর উদ্দেশ্য থাকতে পারে। এ ছাড়া এর পেছনে অন্য কোনো অভিসন্ধিও থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত