প্রিন্ট এর তারিখ : ১৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
রাষ্ট্রদ্রোহ মামলার আসামি শম্পা গোস্বামীকে ঘিরে নানা অভিযোগ
শেখ আমিনুর হোসেন ||
সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রেরণাকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। সংস্থাটির নির্বাহী পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে বিদেশি অর্থায়নে পরিচালিত পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সুপেয় পানি সরবরাহ প্রকল্পের অর্থ ব্যবহারে অনিয়ম, অর্থ আত্মসাৎ, ভারতে অর্থ পাচার এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনে অর্থায়নের অভিযোগে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। তবে অভিযোগগুলো অস্বীকার করে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেছেন শম্পা গোস্বামী। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। এতে শম্পা গোস্বামীকে একমাত্র আসামি করা হয়েছে। মামলায় সরকার উৎখাতের ষড়যন্ত্র, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অর্থায়ন এবং ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ২৭ অক্টোবর হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান তিনি। তবে নির্ধারিত সময়ের আগেই সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করার শর্ত রয়েছে বলে জানা গেছে। মামলার বাদী এসআই রাশিদুজ্জামান বলেন, শম্পা গোস্বামীর বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং এনজিওর মাধ্যমে অর্থ সরবরাহের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। শম্পা গোস্বামী সাতক্ষীরার দেবহাটা উপজেলা সদরের আনন্দ মোহন চট্টোপাধ্যায়ের স্ত্রী। তিনি প্রেরণা এনজিওর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কালিগঞ্জ মেমোরিয়াল স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।আরও পড়ুন, নিরাপদ গুড় উৎপাদনে গাছিদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগস্থানীয়দের অভিযোগ, ২০০৬ সালে সাতক্ষীরা শহরে প্রভাবশালী এক সাংবাদিক নেতার সহযোগিতায় প্রেরণা এনজিওর যাত্রা শুরু হয়। বর্তমানে সাতক্ষীরা শহরের আমতলা ও শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় সংস্থাটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। শ্যামনগরের কৈখালী এলাকার আলফাত হোসেন, রমজাননগরের হারুন অর রশিদসহ কয়েকজন স্থানীয় বাসিন্দা এবং নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবন প্রেসক্লাবের এক সাংবাদিক নেতার দাবি, উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নারীর স্বাস্থ্য সুরক্ষা ও সুপেয় পানি সরবরাহে দীর্ঘদিন ধরে বিভিন্ন এনজিও কাজ করলেও সাধারণ মানুষের জীবনমানের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। তাঁদের অভিযোগ, প্রায় দুই বছর আগে প্রেরণা এনজিওর নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে ৫৪ লাখ টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে পুকুর খননের জন্য বরাদ্দ ছিল প্রায় ১০ লাখ টাকা। পাশাপাশি সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রিক একটি প্রকল্পে বরাদ্দ ছিল এক লাখ ৪০ হাজার টাকা। এসব প্রকল্পে কাজের তুলনায় ব্যয় বেশি দেখানো এবং চুক্তির মাধ্যমে বরাদ্দের একটি অংশ আত্মসাতের অভিযোগ করেছেন তাঁরা। বিশেষ করে রবিউল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে চুক্তি করে প্রকল্পের অর্থের এক-তৃতীয়াংশ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া সুন্দরবন কোয়ালিশনের একটি প্রকল্পে ছয়টি ঘর নির্মাণের জন্য প্রতিটির বিপরীতে ৫০ হাজার টাকা করে বরাদ্দ থাকার কথা থাকলেও ওই অর্থে নিজস্ব মালিকানাধীন জায়গায় ‘গল্পতরী’ নামে স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাঁদের আরও অভিযোগ, প্রেরণা এনজিওর কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ দিয়ে ভারতে জমি ও বাড়ি কেনা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো আর্থিক নথি বা জমির দলিল পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। শম্পা গোস্বামীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব এবং ভারতে নিয়মিত যাতায়াতের বিষয় নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন। তাঁদের দাবি, ৫ আগস্ট-পরবর্তী সময়ে তিনি ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট এলাকায় যাতায়াত করেছেন। তাঁর পাসপোর্ট ও ভিসা যাচাই করলে এ বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে বলে তাঁদের বক্তব্য। এদিকে গত ২১ আগস্ট নেপালের একটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর পাসপোর্ট জব্দ করা হয়েছিল বলে জানা গেছে। তবে কী কারণে পাসপোর্ট জব্দ করা হয়েছিল এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের আরও অভিযোগ, মহিলা বিষয়ক অধিদপ্তরের সংশ্লিষ্টদের সঙ্গে যোগসাজশে কালিগঞ্জে বন্ধ হয়ে যাওয়া প্রেরণা এনজিওর ঠিকানা ব্যবহার করে নারী উদ্যোক্তা সংগঠনের নামে কয়েক দফায় ৫০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এসব অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তাঁরা।আরও পড়ুন, সাগরদাঁড়িতে চুরির উপদ্রব বৃদ্ধি:ওসির সাথে বাজার কমিটির মতবিনিময় সভাজেলা নাগরিক নেতা আমিনুর রহমান অভিযোগ করেন, প্রেরণা এনজিওর মাধ্যমে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থায়ন এবং সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তাঁর দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই শম্পা গোস্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি মামলার সুষ্ঠু তদন্ত, অভিযোগের সত্যতা যাচাই, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং প্রমাণিত হলে এনজিওর নিবন্ধন ও লাইসেন্স বাতিলের দাবি জানান। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রেরণা এনজিওর নির্বাহী পরিচালক শম্পা গোস্বামী। তিনি বলেন, ২০০৬ সালে সংস্থাটির যাত্রা শুরু হলেও মূল কার্যক্রম শুরু হয় ২০১৩ সালে। বর্তমানে শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় ‘গল্পতরী’ নামে একটি স্থাপনা নির্মাণ করে জলবায়ু সুরক্ষা, নারীর উন্নয়ন এবং সুপেয় পানির সংকট নিরসনে কাজ করছেন তাঁরা। পানির সংকট মোকাবিলায় পানির প্ল্যান্টও স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে শ্যামনগরের পাশাপাশি খুলনার পাইকগাছা ও দাকোপ উপজেলায় প্রায় দুই কোটি টাকার প্রকল্পের কাজ চলমান রয়েছে। দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভারতের আধার কার্ড ও প্যান কার্ডের ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তাঁর জন্ম ভারতে হলেও শৈশব থেকে বাংলাদেশে বড় হয়েছেন। বর্তমানে পরিবার নিয়ে বাংলাদেশেই বসবাস করছেন। ভারতে তাঁর কোনো জমি বা বাড়ি নেই বলেও দাবি করেন তিনি। প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ নাকচ করে শম্পা গোস্বামী বলেন, এনজিওর প্রকল্প বাস্তবায়নের শুরু থেকে বিভিন্ন পর্যায়ে তদন্ত ও তদারকি করা হয়। ফলে অর্থ আত্মসাতের সুযোগ নেই। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক নাজমুন নাহার বলেন, প্রেরণা এনজিওর কার্যক্রম নিয়ে তদন্ত চলছে। ঢাকার দপ্তর থেকে গত ১০ বছরের অনুদানের তালিকা চাওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তিনি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও তদন্ত করছেন। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক বলেন, শম্পা গোস্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে বলে তিনি শুনেছেন। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ অবস্থায় প্রেরণা এনজিওর গত কয়েক বছরের প্রকল্প বরাদ্দ, অর্থ ছাড়, ব্যয়ের হিসাব, প্রকল্প বাস্তবায়নের নথি, উপকারভোগীদের তালিকা এবং বিদেশি অর্থায়নের উৎস যাচাইয়ের দাবি উঠেছে। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, এনজিও বিষয়ক ব্যুরো ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত