প্রিন্ট এর তারিখ : ১৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬
অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস সৌদির
||
অন্য দেশ হজের জন্য বরাদ্দ করা কোটা পূরণ করতে না পারলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ। একই সঙ্গে বাংলাদেশি হজযাত্রীদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দিয়েছে সৌদি সরকার। শনিবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে গত ৯ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ও সৌদি আরবের উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। আর সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।আরও পড়ুন, ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রীবৈঠকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন সৌদি মন্ত্রী। তিনি বাংলাদেশি হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বিশেষ করে কোনো দেশ তাদের জন্য বরাদ্দ করা হজের কোটা পুরোপুরি ব্যবহার করতে না পারলে সেই অব্যবহৃত কোটা বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন তিনি। এ ধরনের সুযোগ তৈরি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান সৌদি মন্ত্রী। এ সময় তিনি বলেন, বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, সৌদি আরব তা করবে। পাশাপাশি হজ ব্যবস্থাপনা, ওমরাহ ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন তিনি। বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরও গভীর হবে। বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সৌদি আরবের এই আশ্বাস বাস্তবায়িত হলে ভবিষ্যতে বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত কোটা পাওয়ার নতুন সুযোগ তৈরি হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত